নিউইয়র্কে কবি শহীদ কাদরীর স্মরণ-সন্ধ্যা

কথা, কবিতা ও গানে নিউইয়র্কে স্মরণ করা হলো সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীকে। গত শনিবার অনুষ্ঠিত হলো এই স্মরণসভা। শহীদ কাদরী তাঁর দীর্ঘ প্রবাসজীবনের শেষ ১৪ বছর এই শহরেই কাটান। গত ২৮ আগস্ট তিনি এখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।
শহরের বাঙালি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই কবির গুণমুগ্ধ পাঠক ও শুভানুধ্যায়ীরা কবির একটি পোর্ট্রেটে ফুল দিয়ে তাঁকে সম্মান জানান। এই পুষ্পাঞ্জলির সময় অর্ঘ্য সারথী শিকদারের গলায় গীত হতে থাকে রবীন্দ্রনাথের গান ‘আছে দুঃখ, আছে মৃত্যু...’।
প্রথমেই ছিল স্মরণ। শুরুতেই কবির ‘নিজের কথায়’ শীর্ষক একটি ভিডিও দেখানো হয়। প্রথম বক্তা ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। তিনি বলেন, কবি বলেছিলেন, তিনি কখনো মার্কিন নাগরিকত্ব নেবেন না। কারণ, তাঁর একমাত্র আনুগত্য বাংলাদেশের প্রতি। সেই সবুজ পাসপোর্ট সঙ্গে নিয়েই নিজের দেশে ফিরলেন কবি, কিন্তু মরদেহ হয়ে।
এ ছাড়া আর যাঁরা এই সন্ধ্যায় ব্যক্তিগত স্মৃতিচারণা করেন, তাঁদের মধ্যে ছিলেন কবিপত্নী নীরা কাদরী, নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, কানাডাপ্রবাসী কবি ইকবাল হাসান, সংগীতশিল্পী মুত্তালিব বিশ্বাস, ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলী খান, সাংবাদিক কৌশিক আহমেদ এবং কবির দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক আমর আশরাফ।
দ্বিতীয় পর্বে ছিল কবির প্রতি নিবেদিত কবিতা ও কবির কবিতা থেকে পাঠ। সব শেষে ছিল প্রিয় কবির স্মৃতির উদ্দেশে নিবেদিত একগুচ্ছ গান। রবীন্দ্রনাথের ‘তবু মনে রেখ’ গানটির মাধ্যমে স্মরণ-সন্ধ্যা শেষ হয়।