নিউইয়র্কে কবিতা গানে স্মরণ শহীদ কাদরীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা, কবিতা ও গানে স্মরণ করা হলো কবি শহীদ কাদরীকে। ২৮ আগস্ট তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে গত রোববার নিউইয়র্কের কুইন্সের একটি পেশাদারি মঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করে শহীদ কাদরী স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন প্রবাসজীবনে বিভিন্নভাবে কবির সান্নিধ্যে আসা গুণমুগ্ধ পাঠক ও শুভানুধ্যায়ীদের অনেকে। এঁদের মধ্যে ছিলেন কবিপত্নী নীরা কাদরী ও তাঁর পরিবারের অন্য সদস্যরাও। এ ছাড়া ছিল কবির কবিতার তাত্পর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও নতুন প্রজন্মের লেখকদের ওপর তাঁর কবিতা ও ব্যক্তিত্বের প্রভাব নিয়ে খোলামেলা মতবিনিময়।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল স্মৃতিচারণা। এতে বক্তারা বলেন, ৩০ বছরের অধিক সময় প্রবাসে কাটালেও শহীদ কাদরী কখনোই এই জীবন মেনে নিতে পারেননি। প্রবাসে তাঁর জীবনযাপনকে তিনি অভিহিত করেছিলেন ‘নির্বাসন’ হিসেবে।

বক্তারা বলেন, একদিন বাংলাদেশে ফিরবেন, এই আশায় কবি কখনো মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেননি। জীবনের শেষ ১৫ বছর দুরারোগ্য বৃক্করোগে আক্রান্ত হন। শারীরিকভাবে চলাচলের ক্ষমতা সীমিত হওয়া সত্ত্বেও তিনি নতুন করে কাব্যচর্চা শুরু করেন। পাশাপাশি প্রবাসী কবি ও কাব্যপ্রেমীদের জন্য ‘একটি কবিতা সন্ধ্যা’ নামে নিয়মিত কাব্যসন্ধ্যার আয়োজন করতেন। এ সময়েই প্রকাশিত হয় কবির চতুর্থ কাব্যগ্রন্থ, আমার চুম্বনগুলো পৌঁছে দাও। এ কাজে তিনি কাছে পেয়েছিলেন স্ত্রী নীরা কাদরী ও প্রবাসের একঝাঁক নবীন-প্রবীণ লেখক ও কবিকে।

উল্লেখ্য, মৃত্যুবার্ষিকী সামনে রেখে ঢাকার প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে অপ্রকাশিত ও অগ্রন্থিত কবিতা নিয়ে তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ গোধূলির গান।

A