নিউইয়র্কে কামাল লোহানীর দুটি গ্রন্থের ওপর আলোচনা

গতকাল শনিবার (৫ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা কামাল লোহানীর দুটি গ্রন্থ—‘মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ ও ‘যেন ভুলে না যাই’ নিয়ে মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় বুদ্ধিজীবীদের কয়েকজন বই দুটি নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে কামাল লোহানী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন ও দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন কামাল লোহানী। তিনি এই বেতার কেন্দ্র স্থাপনের ইতিহাস তুলে ধরেন এবং যে কঠোর ত্যাগ ও পরিশ্রমের ভেতর দিয়ে একদল তরুণ বেতারকর্মী ও মুক্তিযোদ্ধা এই বেতার কেন্দ্রটি সচল রাখতে সক্ষম হন, তার সবিস্তার বিবরণ দেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস আগরতলায় একটি গোপন স্থান থেকে প্রতি সন্ধ্যায় বেতার অনুষ্ঠান প্রচারিত হতো। যে বেতারযন্ত্রটি তাঁরা কালুরঘাট থেকে নিয়ে আসেন, সে সময় সেটিই ছিল তাঁদের একমাত্র অবলম্বন। এপ্রিল মাসের কোনো একসময় ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী নন্দিনী সতপতি পরিদর্শনে এসে বিস্মিত হন, কোনো পেশাদার বেতার প্রকৌশলী ছাড়াই ট্রান্সমিটারটি ব্যবহার করে তরুণ মুক্তিযোদ্ধারা নিয়মিত প্রচারকাজ করে চলেছেন। সে সময় তিনি মন্তব্য করেছিলেন—পারবে, তোমরাই পারবে মুক্তিযুদ্ধে জয়লাভ করতে।
কামাল লোহানী বলেন, রাশেদুল হাসান নামের এক তরুণ বিজ্ঞানীর দায়িত্ব ছিল এই ট্রান্সমিটারটি রক্ষণাবেক্ষণের। তিনি দুঃখ করে বলেন, এই বীর মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত সরকারিভাবে তাঁর সেই ভূমিকার যথাযথ স্বীকৃতি পাননি।
প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজক ছিল যুক্তরাষ্ট্র একুশে চেতনা পরিষদ।