নিউইয়র্কে জমজমাট আন্তর্জাতিক বাংলা উৎসব আজ শেষ
নিউইয়র্কে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব আজ সোমবার শেষ হচ্ছে। নগরের জ্যাকসন হাইটসের আইএস ১৪৫ মিলনায়তনে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। এ সময় ঢাকা, কলকাতা ও নিউইয়র্কের কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বইমেলা তথা আন্তর্জাতিক বাংলা উৎসব উৎসর্গ করা হয়েছে। ঢাকা, কলকাতা ও নিউইয়র্কের একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের স্টল ছাড়াও ৩০টি সংস্থার পণ্যের স্টল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।উৎসবের উদ্বোধনী পর্ব শেষে মূল মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতের ১৯ জন বিশিষ্ট ব্যক্তি। এরপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে সৈয়দ শামসুল হক, সমরেশ মজুমদার, কামাল আবু নাসের চৌধুরী, ওসমান চৌধুরী, ত্রিদিব চট্টোপাধ্যায়, অলি সাহা ও সৈয়দ মোহাম্মদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য দেন। উদ্বোধনী পর্ব উপস্থাপনায় ছিলেন সেমন্তী ওয়াহেদ। শেষে সংগীত পরিষদের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।উল্লেখ্য, ঢাকার বাংলা একাডেমী, কলকাতা বুক ফেয়ার এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও ডটনেট নিউইয়র্কের সহযোগিতায় মুক্তধারা ফাউন্ডেশন ইন্ক এই বাংলা উৎসবের আয়োজন করে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এ উৎসব চলে বলে জানান উৎসবের প্রধান আয়োজক বিশ্বজিৎ সাহা। তবে আজ উৎসব চলবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।