নিউইয়র্কে জিম্মি ঘটনা বাংলাদেশি পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যামাইকা এলাকায় একদল দুষ্কৃতকারী বাংলাদেশি একটি পরিবারকে জিম্মি করেছে বলে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবর সঠিক নয় বলে জানিয়েছেন নিউইয়র্কে নিয়োজিত একজন বাংলাদেশি জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর ইউএনবির।
নিউইয়র্কে বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার জেনারেল এম শামিম আহসান গতকাল সোমবার রাতে ইউএনবিকে বলেন, জিম্মির ওই ঘটনা কোনো বাংলাদেশি পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, ‘আমরা জেনেছি, ঘটনাটির সঙ্গে বাংলাদেশি নয়, গায়ানার একটির পরিবার সংশ্লিষ্ট।’
ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাটিকে প্রাথমিকভাবে গায়ানার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেলেও এ বিষয়ে আরও তথ্য জানতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নতুনকিছু জানা গেলে সে বিষয়ে জানাবেন।
এর আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি একটি পরিবার জিম্মি হয়েছে বলে তাদের স্ক্রলে খবর প্রচার করে। জ্যামাইকা নিউইয়র্কের কুইন্স বরোর একটি মধ্যবিত্ত এলাকা।