নিউইয়র্কে দায়মুক্তি সমাবেশ
প্রত্যেক যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে জেগে ওঠে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশটি আবার জাগ্রত হয়। জাগরণের এই ঐক্যকে সংহত করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সব চাপ এবং ষড়যন্ত্র মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ জনতা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর নিউইয়র্কে প্রবাসীদের আনন্দ শোভাযাত্রা থেকে এই বক্তব্য ওঠে আসে। পরে গণজাগরণ মঞ্চ জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘দায়মুক্তি সমাবেশ’ করে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই সমাবেশে সাধারণ প্রবাসী ছাড়াও সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সংস্কৃতিকর্মীরা যোগ দেন। মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরাও এই সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
মুজাহিদ আনসারীর পরিচালনায় এতে বক্তব্য দেন, মুহাম্মদউল্লাহ, জামালউদ্দিন হোসেন, সারাফ সরকার, আব্দুল বাতেন, মুকিত চৌধুরী, প্রদীপ রঞ্জন কর, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপাল সন্যাল, রাজীব আহসান, নুসরাত ত্বন্নী, সাইমুম হোসেন, টিপু আলম, শিতাংশু গুহ, হাকিকুল ইসলাম, রওশন আরা, আব্দুল মালেক, সুবল দেবনাথ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাঁরা অহংকার করেছিলেন, তাঁদের ফাঁসির দণ্ড কার্যকর করার মধ্য দিয়ে দেশ দায়মুক্তির আরেকটি ধাপ পার হলো। তাঁরা বলেন, নতুন প্রজন্মের জাগরণের মধ্য দিয়েই এই দায়মুক্তি সম্ভব হয়েছে। বক্তারা এই ধারা বজায় রেখে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।