নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় একজনকে জিজ্ঞাসাবাদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গত শনিবার দুপুরে একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সোমবার ভোরে এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে পুলিশের একজন মুখপাত্র এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেননি।
নিউইয়র্ক সিটি পুলিশ ওই দুই বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত এক বন্দুকধারীকে চিহ্নিত করেছে। রোববার ওই বন্দুকধারীর খোঁজে নামে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই বন্দুকধারী পেছন থেকে ওই দুজনকে খুব কাছ থেকে গুলি করে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল দি ব্লাজিও এক বিবৃতিতে বলেন, ‘আলাউদ্দিন আখুঞ্জি ও তারা উদ্দিনকে হত্যার কারণ সম্পর্কে আমরা এখনো জানি না। তবে আমি আশ্বস্ত করছি, আমাদের নিউইয়র্ক পুলিশ বিভাগ এই হত্যাকারীকে বিচারের আওতায় নিয়ে আসবে।’
শনিবার গুলিতে নিহত ব্যক্তিদের একজন আলাউদ্দিন আখুঞ্জি (৫৫)। তিন ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। অপরজন তাঁর বন্ধু তারা উদ্দিন (৬৪)। বাড়ি সিলেটে। আল ফোরকান মসজিদে জোহরের নামাজ শেষে তারা উদ্দিনকে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন আলাউদ্দিন।