নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় ন্যায়বিচারের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির হত্যাকারীকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ন্যায়বিচার নিশ্চিত করার ব্যাপারেও তারা আশ্বাস দিয়েছে। ঘটনাটি ইতিমধ্যে আমেরিকার নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলেছে।
নিউইয়র্কের কুইন্সে গত শনিবার দিনে-দুপুরে স্থানীয় মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহকারী তারা মিয়াকে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত। নিহত দুজনই বাংলাদেশি নাগরিক।
আখুঞ্জি ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি মসজিদে জোহরের নামাজ শেষে তারা মিয়াকে সঙ্গে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁদের গুলি করা হয়।
হত্যাকাণ্ডের পর এক দিন পার হলেও হত্যাকারীকে এখনো ধরতে পারেনি পুলিশ। তবে সম্ভাব্য খুনির একটি স্কেচ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাংলাদেশিদের ধারণা, আখুঞ্জি ও তাঁর সহকারী মুসলিম বলেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
গতকাল রোববার দুপুরে নিউইয়র্ক শহরের একাধিক নির্বাচিত প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা ওজোন পার্কের আল ফোরকান জামে মসজিদ প্রাঙ্গণে এসে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাঁরা হত্যাকারীকে গ্রেপ্তার ও ন্যায়বিচারের ব্যাপারে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানও উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। তিনি বলেন, নিহত দুজন সম্ভবত ধর্মীয় বিদ্বেষের শিকার। খুনিকে ধরতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ ও তাঁর প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।
নিউইয়র্কের মেয়র বলেন, এই শহরে ও দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্তি ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এক টুইটার বার্তায় এই হত্যাকাণ্ডকে ‘হৃদয়বিদারক’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তিনি। হিলারি বলেন, ‘এমন জঘন্য ঘটনার কোনো স্থান আমেরিকায় নেই।’
আমেরিকার ‘কাউন্সিল অন ইসলামিক রিলেশন্স’ এক বিবৃতিতে অভিযোগ করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী অবস্থান উসকানি হিসেবে কাজ করেছে।
ওজোন পার্কের অনেক বাংলাদেশিও ওই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। তবে নগর প্রশাসনের কোনো কর্মকর্তা এই বক্তব্যের প্রতি খোলামেলা সমর্থন দেননি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের নির্বাচনী অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের জন্য ট্রাম্প বা তাঁর কোনো বক্তব্যকে দায়ী করার বিষয়টি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, ট্রাম্প সব ধরনের অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই ধরনের হৃদয়বিদারক ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আইনপ্রয়োগকারী সংস্থা ও সব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
ঘটনাটি নিয়ে কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কাৎসের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁর অভিমত, কারও দোষ খোঁজার চেয়ে এখন দরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা। পুলিশ অবশ্যই তাদের দায়িত্ব পালন করবে। খুনি ধরা পড়বে।
বিপুলসংখ্যক বাংলাদেশি কুইন্স বরোতে বাস করে। সে কথা উল্লেখ করে কাৎস বলেন, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচিত এই সম্প্রদায়ের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে নৈকট্য বোধ করেন। এই খুনের যাতে সুরাহা হয় এবং ঘটনার পুনরাবৃতি ঠেকাতে পুলিশ ও বাংলাদেশিদের সঙ্গে একযোগে কাজ করে যাবেন তিনি।
ওজোন পার্ক এলাকা থেকে নভেম্বরে অঙ্গরাজ্য সিনেটের সদস্যপদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড্রিয়ান অ্যাডামস। তিনিও প্রথম আলোর সঙ্গে কথা বলেন। আখুঞ্জি ও তাঁর সহকারীর নিহত হওয়ার ঘটনাটিকে ‘ঠান্ডা মাথায় খুন’ বলে বর্ণনা করেন তিনি।
এই হত্যাকাণ্ডের পেছনে যে ধর্মীয় ও বর্ণগত বিদ্বেষ কাজ করেছে, সে বিষয়ে অ্যাডামসের কোনো সন্দেহ নেই। তিনি বরো প্রেসিডেন্টের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, সব সম্প্রদায়ের মানুষকে এখন হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।
নগর প্রশাসনের উপস্থিতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস সত্ত্বেও ওজোন পার্ক এলাকায় বাংলাদেশিদের মধ্যে একধরনের ভীতি ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন, এর আগেও সহিংস ঘটেছে। কিন্তু তা ঠেকাতে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। এর একটা কারণ, বাংলাদেশিরা তখন বিষয়টি নিয়ে হইচই করেনি। রাস্তায় নেমে মিছিল করেনি। কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভেবে এখন তাদের কথা বলতে হবে। প্রতিবাদ জানাতে হবে।
আরও পড়ুন: