নিউইয়র্কে নিখোঁজ নার্সের স্বামী গা ঢাকা দিলেন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের নিখোঁজ প্রবাসী বাংলাদেশি নার্স মাহফুজা রহমানের স্বামী তাঁর কুমিল্লার বাসা থেকে গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাঁর খোঁজে দুই দফায় বাসায় গিয়েও পায়নি।
গত ৮ ডিসেম্বর নিউইয়র্ক থেকে নিখোঁজ হন মাহফুজা রহমান। এর পরপরই ১৬ ডিসেম্বর তাঁর স্বামী মেজবাউল হক খান তাঁদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে দেশে ফিরে আসেন। স্ত্রীর অন্তর্ধানের ব্যাপারে নিউইয়র্ক পুলিশ এবং বাংলাদেশে মাহফুজার বাবা-মাকে তিনি অসামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন বলে জানা গেছে। ‘অপরাধমূলক ঘটনা’ সন্দেহে নিউইয়র্ক পুলিশ এই অন্তর্ধানের তদন্ত শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে মেজবাউল হক খানের বাড়িতে গিয়ে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা শিরিন আফরোজ জানান, বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে মেজবাউল আর ফিরে আসেননি। মায়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগও নেই। স্থানীয় থানার পুলিশ তাঁর খোঁজে বুধবার রাতে দুই দফায় বাসায় এসেছিল বলে জানান শিরিন আফরোজ।
শিরিন আফরোজ দাবি করেন, তাঁর ছেলে ও ছেলের বউয়ের সম্পর্ক খুবই ভালো। স্ত্রী নিখোঁজ হওয়ায় দেশে ফিরে বিমর্ষ হয়ে পড়েন মেজবাউল হক খান, আমেরিকায় যিনি দাপ্তরিকভাবে মোহাম্মদ চৌধুরী নামে পরিচিত। ২০০৫ সালে বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের ভিসা (ডিভি লটারি) পেয়ে মেজবাউল সস্ত্রীক আমেরিকায় চলে যান। জুয়েরিয়া খান নামে তাঁদের ১০ বছরের একটি কন্যাসন্তান আছে।
শিরিন আফরোজ জানান, গত বুধবার বুড়িচং বাজারে গিয়ে স্ত্রীর অন্তর্ধান ও নিউইয়র্ক পুলিশের তদন্তসংক্রান্ত খবরটি পত্রিকায় ছাপা হওয়ার কথা জানতে পারেন মেজবাউল। এরপর দুপুরের দিকে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে চলে যান।
শিরিন আফরোজ দাবি করেন, মেজবাউরের মেয়ে জুয়েরিয়া ওই বাড়িতেই আছে। তবে তাকে তিনি এই প্রতিবেদকের সামনে হাজির করতে রাজি হননি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে জানান, পুলিশ আমেরিকাপ্রবাসী মেজবাউলকে খোঁজার জন্য তাঁর গ্রামের বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। মোবাইল ট্র্যাকিং করে তাঁর অবস্থান জানার চেষ্টা অব্যাহত আছে।
তথ্য চেয়েছে নিউইয়র্ক পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি জানান, নিউইয়র্কের পুলিশ মাহফুজা রহমানকে উদ্ধারে তথ্য-সাহায্য আহ্বান করেছে। প্রথম আলোর কাছে লিখিত বক্তব্যে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ৩০ বছর বয়স্ক এই বাংলাদেশি নার্স তিন মাস ধরে নিখোঁজ। গত বছরের ৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কাজ শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাঁর আর কোনো খোঁজ মেলেনি। মাহফুজা রহমানের কোনো খোঁজ কারও জানা থাকলে নিউইয়র্ক পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।