নিউইয়র্কে পুরস্কৃত হলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় জাতিসংঘ প্লাজায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ তুলে দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। এ পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ হিসেবে জাতিসংঘ উইমেনের স্বীকৃতি পেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি মাল্টার প্রেসিডেন্ট মারিয়ে লুইস কোলিরো প্রেসা ও জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুক তায়েককেও এ পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এই সম্মাননা প্রদানের জন্য জাতিসংঘ উইমেন ও গ্লোবাল পার্টনারশিপ ফোরামকে ধন্যবাদ জানান। তিনি এই সম্মাননাকে বাংলাদেশের নারীদের জন্য সত্যিকার পরিবর্তনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়ন খুব সহজ বিষয় নয়। কখনোই এটি স্বাভাবিকভাবে হবে না। তবে আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাব।’

শেখ হাসিনা বলেন, ‘আমি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি, যেখানে সবাই নারীকে সম্মান জানাবে। যেখানে নারীর বিরুদ্ধে কোনো প্রকার সহিংসতা ও বৈষম্য থাকবে না।’ তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখায় দেশের সব নারী-পুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপু মনি ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।