জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০ জন সফরসঙ্গী নিয়ে নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আজ ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে এবং কাল বৈশ্বিক শিক্ষাবিষয়ক বৈঠকে বক্তব্য দেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত শান্তিরক্ষাবিষয়ক সম্মেলনে তিনি যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভোর থেকেই জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায় জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।
এদিকে, শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে একই সময়ে জন এফ কেনেডি বিমানবন্দরে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। বিএনপির বিক্ষোভে অংশ নেওয়া জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ১৮০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বিদেশে প্রমোদ ভ্রমণের প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ করছেন।
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করেছে। এই সমাবেশকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয় স্থানীয় প্রশাসন।