নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি নিহত ২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের বাইরে গতকাল শুক্রবার এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। আহত হয়েছে অন্তত নয়জন। সন্ত্রাসী ঘটনার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের ধারণা, কর্মক্ষেত্রের কোনো বিতর্কের জের ধরে ওই গোলাগুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। এ সময় কয়েকটি হেলিকপ্টার ওপর থেকে ঘটনাস্থলের দৃশ্য ভিডিওতে ধারণ করে। দিনের ব্যস্ত সময়ে হঠাৎ একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় এলাকায় ছোটাছুটি শুরু হয়। আলিয়াহ ইমাম নামের এক নারী বলেন, বন্দুকধারী লোকটি মানুষের ওপর নির্বিচারে গুলি করে। এ সময় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী রেবেকা ফক্স বলেন, তিনি এক নারীকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। এ ছাড়া তিনি আরেক নারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেন।মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মুখপাত্র জে পিটার ডোনাল্ড বলেন, ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে মনে হয় না। ঘটনাস্থলে বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এফবিআইয়ের কর্মকর্তারাও সেখানে রয়েছেন।