নিউইয়র্কে বাংলা উৎসব ও বইমেলা শুরু
নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। ২২ মে শুক্রবার এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার ভেতর দিয়ে শুরু হয় প্রাক-মেলা উৎসব। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এর আগে বইমেলা উপলক্ষে নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুওমো ২২-২৮ মে এই অঙ্গরাজ্যে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা সপ্তাহ হিসেবে ঘোষণা করেন।
মেলাপ্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ভাষণে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গ্রন্থকে নৈতিক প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন। এ বছরের মেলার আহ্বায়ক ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এই বইমেলাকে বিশ্ব বাঙালির এক মিলনমেলা হিসেবে অভিহিত করে একে সাফল্যমণ্ডিত করতে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।
উদ্বোধনী দিনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল মার্কিন চলচ্চিত্রকার লেয়ার লেভিনের প্রতি বিশেষ সম্মাননা। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটনাবলির যে তথ্যচিত্র ধারণ করেন, তারই ভিত্তিতে তারেক মাসুদ নির্মাণ করেন তাঁর স্মরণীয় চলচ্চিত্র মুক্তির গান। লেভিন নিজেকে ‘আজীবন বাংলাদেশের বন্ধু’ হিসেবে অভিহিত করে সে দেশের জনগণের শুভকামনা করেন।