নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ২৫তম বাংলা বইমেলা। তিন দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন। অনুষ্ঠানে তিনি ‘লেখকের সামাজিক দায়িত্ব’ বিষয়ে মূল ভাষণ দেবেন। মেলা চলবে আগামীকাল রোববার পর্যন্ত।
নিউইয়র্কে বাঙালিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে আয়োজিত এ বইমেলায় একাত্তরের সহযোদ্ধা হিসেবে ড. ডেভিড নেলিনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। খ্যাতনামা এই মার্কিন চিকিৎসাবিজ্ঞানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
এবারের বইমেলায় বাংলাদেশ থেকে আরও যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক আশিকুল হক, কবি গুলতেকিন খান ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছেন রবীন্দ্র গবেষক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জি। এ ছাড়া বাংলাদেশের প্রকাশকেরাও মেলায় তাঁদের সদ্য প্রকাশিত বই নিয়ে উপস্থিত থাকবেন।
সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী কমলিনী মুখোপাধ্যায়, নজরুলগীতির শিল্পী ফেরদৌস আরা ও সুজিত মোস্তফা এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। এ ছাড়া উত্তর আমেরিকার অভিবাসী সেরা
গায়ক-গায়িকা ও আবৃত্তিশিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন অর্ধশতাধিক কবি।
এবারের মেলায় প্রথমবারের মতো বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য মুক্তধারা-চ্যানেল আই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে। বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। মেলার শেষ দিন এই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মেলায় আর্থিক সহযোগিতা করছেন নিউইয়র্কের রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান প্রাণ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।