নিউইয়র্কে বাংলা বইমেলা ২০-২২ মে
নিউইয়র্কে চলতি মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা হবে।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বইমেলা এ বছর ২৫ বছরে পা রাখছে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষা-সংস্কৃতি নিয়ে বৃহত্তম এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি ‘লেখকের সামাজিক দায়িত্ব’ বিষয়ে মূল ভাষণ দেবেন।
বইমেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা হিসেবে ডেভিড নেলিনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। খ্যাতনামা এই মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ১৯৭১ সালে ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ওই বছরের জুলাইয়ে বাল্টিমোরে পাকিস্তানি অস্ত্রবাহী জাহাজ বন্দরে প্রবেশের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের অন্যতম ছিলেন নেলিন। ১৯৬৮ সালে ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণ চিকিৎসক নেলিন কলেরার প্রতিষেধক হিসেবে ওরাল রিহাইড্রেশন থেরাপি আবিষ্কার করেন।
আয়োজকেরা জানিয়েছেন, বইমেলায় অংশ নিতে বাংলাদেশ থেকে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেতা আফজাল হোসেন, কবি গুলতেকিন খান ও পাক্ষিক ‘অনন্যা’ সম্পাদক তাসমিমা হোসেনের আসার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায়চৌধুরী, প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জির বইমেলায় আসার কথা।
এবারের মেলায় প্রথমবারের মতো বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য একটি সাহিত্য পুরস্কার ঘোষিত হবে। বাংলাদেশের চ্যানেল আইয়ের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত এই পুরস্কারের নাম ‘মুক্তধারা-চ্যানেল আই সাহিত্য পুরস্কার’। বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। পৃথিবীর যেকোনো স্থানে থাকা একজন লেখককে পুরস্কারের জন্য নির্বাচন করবে চ্যানেল আই ও নিউইয়র্ক বইমেলার প্রস্তুতি কমিটি। পুরস্কারের মূল্যমান দুই লাখ টাকা।
মেলায় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক ফরিদুর রেজা সাগর উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে আরও থাকবেন চ্যানেলের দুই কর্মকর্তা লেখক-গবেষক আহমাদ মাযহার ও কবি-ছড়াকার আমিরুল ইসলাম।
উত্তর আমেরিকার কবি-সাহিত্যিকদের অনেকেই এই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন।
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
আরও পড়ুন...
নিউইয়র্ক বইমেলার ২৫ বছর