নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে গৃহকর্মীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনসাল অফিসের কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিনার বিরুদ্ধে মামলা করেছেন তাঁদের গৃহকর্মী। গত শুক্রবার ম্যানহাটন ফেডারেল আদালতে মামলাটি করেন বাংলাদেশি গৃহকর্মী মাসুদ পারভেজ ওরফে রানা।

আদালতে করা অভিযোগে মাসুদ পারভেজ বলেন, চাকরির নাম করে বাংলাদেশ থেকে আনার পর তাঁকে রীতিমতো ‘গৃহবন্দী’ করে রাখা হয়। ম্যানহাটনের ৫৭ স্ট্রিটের কনসাল জেনারেলের সরকারি বাসায় তাঁকে দিয়ে ভোর ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করানো হয়। মাসে তিন হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ১৮ মাসে তাঁকে কোনো মজুরি দেওয়া হয়নি। ঘরের রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, কাপড় ধোয়াসহ সব কাজ তাঁকে দিয়ে করানো হতো। তাঁর পাসপোর্ট ও ভিসা নিয়ে নেওয়া হয়। ঘরের বাইরে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে বলে ভয় দেখানো হতো।

আদালতে করা অভিযোগে আরও বলা হয়, ১৮ মাসে গৃহবন্দী থাকা অবস্থায় মাসুদ পারভেজকে দাসের মতো ব্যবহার করেছেন মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী। এ সময় তাঁকে অন্তত দুই দফায় শারীরিকভাবে নির্যাতন করা হয়। তাঁকে কখনো ছুটি বা বিশ্রামে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি।

মাসুদ পারভেজের পক্ষে মামলাটি করেন আইনজীবী ডানা সাসম্যান। এই আইনজীবী কিছুদিন আগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে দায়ের করা গৃহকর্মীর মামলাটিও পরিচালনা করেন। সপ্তাহের শেষ কর্ম দিবসে দায়ের করা মামলায় নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ন্যূনতম মজুরি আইন লঙ্ঘন, গৃহকর্মী নির্যাতন ও অসাধু উপায়ে শ্রম ব্যবহারের জন্য বাংলাদেশি কূটনীতিক ও তাঁর স্ত্রীর নামে যেকোনো সময় পুলিশি তৎপরতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কনসাল জেনারেল মনিরুল ইসলাম আগামী মাসেই মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে যোগ দেওয়ার জন্য নিউইয়র্ক ছাড়ার কথা।

মামলার পর যোগাযোগ করা হলে কনসাল জেনারেল মনিরুল ইসলাম দাবি করেন, তাঁর বিরুদ্ধে গৃহকর্মী মাসুদ যেসব অভিযোগ করেছেন সব ভিত্তিহীন। কয়েক দিন আগে হঠাৎ করে মাসুদ উধাও হয়ে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। যোগাযোগও করা যাচ্ছে না।

মনিরুল ইসলাম জানান, মাসুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। দেশ থেকে গৃহকর্মী হিসেবে তাঁকে নিউইয়র্কে আনার আগে তাঁর বাবা নাসির উদ্দিনের হাতে নগদ ১২ লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন মনিরুল ইসলাম।

মামলা করার পর মাসুদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এর আগে গত ডিসেম্বরে নিউইয়র্কে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে মামলা করেন তাঁর গৃহকর্মী। ওই মামলায় পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। তাঁর গৃহকর্মীও অভিযোগ করেছিলেন, তাঁকে দেশ থেকে আনার সময় প্রতিমাসে সাড়ে চার হাজার মার্কিন ডলার বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হতো না।

দেবযানীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। পরে ভারত দেবযানীকে নিউইয়র্কে জাতিসংঘ মিশনে বদলি করে। এরপর বিশেষ দায়মুক্তি নিয়ে দেশে ফেরেন তিনি।