নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি একজন সাবেক কূটনীতিক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাঁদের গৃহকর্মীর করা মামলা বাতিলের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ম্যানহাটানের একটি আদালত এটি নাকচ করে দেন।
অভিযুক্ত দম্পতি হলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল অফিসের সাবেক কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিনা। গত বছরের মার্চের শেষ নাগাদ ম্যানহাটান ফেডারেল আদালতে মামলাটি করেছিলেন বাংলাদেশি গৃহকর্মী মাসুদ পারভেজ ওরফে রানা।
মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে মনিরুল ইসলাম চলে যাওয়ার আগে পাওনা পরিশোধ ও অন্যান্য ক্ষতিপূরণ আদায়ের দাবিতে তাঁর বিরুদ্ধে এই মামলা করেছিলেন গৃহকর্মী মাসুদ।
আদালতে করা অভিযোগে মাসুদ পারভেজ বলেছিলেন, চাকরির নাম করে বাংলাদেশ থেকে আনার পর তাঁকে রীতিমতো ‘গৃহবন্দী’ করে রাখা হয়। ম্যানহাটানের সরকারি বাসায় তাঁকে দিয়ে ভোর ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করানো হতো। মাসে তিন হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ১৮ মাসে (মামলার আগ পর্যন্ত) তাঁকে কোনো মজুরি দেওয়া হয়নি। তাঁর পাসপোর্ট এবং ভিসাও নিয়ে নেওয়া হয়। ঘরের বাইরে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে বলে ভয় দেখানো হতো। রয়টার্স।