নিউইয়র্কে বাংলাদেশি হত্যা, আরেক বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মহিউদ্দিন মাহমুদ দুলালের ঘাতক ধরা পড়েছেন। পালিয়ে যাওয়ার সময় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে মো. রাসেল সিদ্দিকি (২৭) নামের এই প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন রাসেল। মহিউদ্দিনের বাড়ি সন্দ্বীপের বেগমগঞ্জে।
গত মঙ্গলবার ভোররাতে মহিউদ্দিনের (৫৭) গলা কাটা লাশ তাঁর ব্রুকলিনের বাড়ির নিচতলা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে রাসেলকে পাওয়া যাচ্ছিল না। রাসেলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
গ্রেপ্তার হওয়ার পর রাসেলের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নগদ অর্থ ও অপমানের প্রতিশোধ নিতে নিজ হাতে তিনি এ খুন করেছেন। ক্রেডিট কার্ডে কুয়েত এয়ারওয়েজের টিকিট কেটে গত মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার চেষ্টা চালান রাসেল।
ক্রেডিট কার্ডের সূত্র ধরে পুলিশ নিউইয়র্ক পুলিশ ফ্লাইটে ওঠার আগে রাসেলকে গ্রেপ্তার করে। মহিউদ্দিনের ঘর থেকে খোয়া যাওয়া ২৪ হাজার ডলার রাসেলের কাছে পাওয়া যায়।
নিউইয়র্কের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাসেল বলেন, নগদ ডলারের লোভে তিনি মহিউদ্দিনকে খুন করেছেন। তা ছাড়া বাড়িওয়ালা মহিউদ্দিন রাসেলকে ‘গরিব’ বলে বিভিন্ন সময় তাঁকে অপমান করেন। এ অপমানের প্রতিশোধ এবং নগদ অর্থের লোভেই খুন করে দেশে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন রাসেল। তাঁর বিরদ্ধে ব্রুকলিনের আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে।
নিহত মহিউদ্দিন মাহমুদ দুলাল নিউইয়র্কে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন।