নিউইয়র্কে বাঙালি দোকানে হামলা

প্যারিস ও ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে সন্ত্রাসী আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে মুসলিমবিরোধী নানা ঘটনার খবর মিলছে। সর্বশেষ ঘটনায় নিউইয়র্কে বাঙালি ডিপার্টমেন্ট স্টোরের মালিক এক শ্বেতকায় ব্যক্তির আক্রমণের শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটে বাঙালি-অধ্যুষিত এস্টোরিয়ায়। গত শনিবার ঠিক বেলা একটার সময় ফাতেমা ফুড স্টোরের মালিক সরকার হক তাঁর দোকানের কাউন্টারের পেছনে সেদিনের দৈনিক পত্রিকা পড়ছিলেন। পত্রিকার প্রথম পাতাতেই সান বার্নার্দিনোর সন্ত্রাসী দম্পতির ছবি। তাদের আক্রমণে গত সপ্তাহে ১৪ জন নারী-পুরুষ নিহত হন। সে সময় দোকানে অন্য কোনো খদ্দের ছিল না। এমন সময় পঞ্চাশোর্ধ্ব এক শ্বেতকায় দোকানে এসে কিছু সময় ঘোরাঘুরির পর সরকার হককে জিজ্ঞেস করেন, এখানে ‘ফ্রি’ পাওয়া যায় এমন কিছু আছে কি না। তিনি ‘না’ বলার পরেও ওই ব্যক্তি এটা-সেটা নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে ওই ব্যক্তি সরকার হককে পত্রিকার ছবিটি দেখিয়ে বলে ‘আমি মুসলিমদের খুন করি (আই কিল মুসলিমস)’। এরপর ঝাঁপিয়ে পড়ে সরকার হকের নাকে-মুখে এলোপাতাড়ি ঘুষি দিতে থাকেন।
সরকার হক প্রথম আলোকে বলেন, তিনি কিছু বোঝার আগেই এই ঘটনা ঘটে। আঘাত সত্ত্বেও তিনি লোকটিকে জাপটে ধরেন এবং দোকানের বাইরে টেনে এনে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। পথচারী এক হিস্পানিক ব্যক্তি তাঁর সাহায্যে এগিয়ে আসেন এবং পুলিশ ডাকতে সাহায্য করেন।
এর আগে এমন অভাবিত ঘটনার সম্মুখীন হননি বলে জানান সরকার হক। তিনি বলেন, পুলিশ আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।