নিউইয়র্কে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষাশহীদদের

বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীরা মহান একুশ উদযাপন করেছেন। জাতিসংঘের বাংলাদেশ মিশনে বিভিন্ন দেশের কূটনীতিকেরা মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মাহুতিকে স্মরণ করেছেন শ্রদ্ধা ভরে।
প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসীরা। মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চের ব্যবস্থাপনায় ব্যাপকসংখ্যক প্রবাসী সমবেত হন মাতৃভাষার জন্য শহীদদের শ্রদ্ধা জানাতে।
গত ২৫ বছরের ধারাবাহিকতায় নিউইয়র্কের ম্যানহাটনে এবার একুশের প্রস্তুতি ছিল জমজমাট। নগরের মেয়রের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন একুশের শ্রদ্ধা প্রহরে। সেখানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, সব জাতি-গোষ্ঠীর নগর নিউইয়র্কের উন্মুক্ত রাজপথে একুশ উদযাপনের এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।
বক্তব্য দেন কনসাল জেনারেল শামীম আহসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নুর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়র নিনা আহমেদ বলেন, মাতৃভাষার জন্য বাঙালির আত্মাহুতির কারণে আজ সারা বিশ্বে দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নিউইয়র্কে একুশ উদযাপনের উদ্যোগটি আজ সার্থক হয়ে উঠেছে। সমস্ত প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ মাতৃভাষার জন্য প্রবাসেও দেশের মতো একাকার হয়ে উঠেছেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনে একুশের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাঁরা মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মাহুতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ সভায় জানান, আগামী বছর থেকে জাতিসংঘ সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারি উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হয় অস্থায়ী শহীদ মিনার। প্রবাসের বিভিন্ন ব্যক্তি, অঙ্গ সংগঠন এ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হন। মুক্তিযোদ্ধা কমান্ডার মুকিত চৌধুরী বলেন, দেশ ও মাতৃভাষার জন্য ভালোবাসা থেকে প্রবাসীদের সম্মিলিত আয়োজনে একুশ উদযাপিত হচ্ছে। যারা একুশ নিয়ে, মাতৃভাষা নিয়ে ধান্দাবাজি করে তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান। শ্রদ্ধা জানাতে এসে আইনজীবী অ্যাটর্নি মইন চৌধুরী বলেন, ‘দেশ থেকে যত দূরেই আমরা থাকি না কেন, একুশ আমাদের নিত্য আন্দোলিত করে, আমাদের অনুপ্রাণিত করে।’
পৃথকভাবে নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি একুশের অনুষ্ঠানমালার আয়োজন করে। অনেকগুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে যোগ দেয়। অন্যতম সংগঠক আব্দুর রহিম বলেন, আবহাওয়া ভালো থাকায় তাঁদের অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক সমাবেশ ঘটেছে। ভবিষ্যতে সব প্রবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিত একুশ উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।
কুইন্সে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃথক অনুষ্ঠান থেকে অন্যতম সংগঠক তাজুল ইসলাম বলেন, একুশ আমাদের নিত্য লড়ে যাওয়ার প্রেরণা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের নেতৃত্ব এসেছিল, তা বৃথা যায়নি। তিনি বলেন, ‘একুশ আমাদের চলমান প্রতিটি লড়াইকে আরও বেগবান করার প্রেরণা প্রদান করে।’
নিউইয়র্কের অন্যতম প্রবাসীবহুল এলাকা ব্রঙ্কসে বসেছিল একুশের পৃথক অনুষ্ঠান। অন্যতম সংগঠক আহবাব চৌধুরী এবং শামীম আহমেদ বলেন, ‘প্রবাসে বাংলা ভাষার চর্চা নিয়ে আন্তরিক হওয়া এখন আমাদের সময়ের দাবি।’
জ্যামাইকাতে ফ্রেন্ডস সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক সমাবেশ ঘটে। সংগঠক ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, নিউইয়র্কে নতুন প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষা বাঁচিয়ে রাখা নিয়ে এখনই কাজ শুরু করতে হবে।