নিউইয়র্কে সংহতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংহতি সমাবেশ করেছেন প্রবাসীরা। সমাবেশ থেকে মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার এবং কাদের মোল্লার ফাঁসির দাবি জানানো হয়। তীব্র শীত উপেক্ষা করে গত রোববার স্থানীয় সময় বেলা তিনটা থেকে নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে বাংলাদেশিরা জড়ো হতে থাকে। এ সময় তাঁদের হাতে মানবতাবিরোধী অপরাধীদের বিচার, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি, জামায়াত-সমর্থিতদের বর্জনের লেখাসংবলিত নানা রঙের ব্যানার-ফেস্টুনে শোভা পাচ্ছিল। প্রায় ১০০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা ঘিরে তাঁরা স্লোগান দিতে থাকেন। প্লাজা পার্কে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। অভিনয়-আবৃত্তি আর স্লোগানে স্লোগানে পুরো জ্যাকসন হাইটস এলাকা প্রতিবাদী শাহবাগ চত্বর হয়ে ওঠে। নিউইয়র্কের কর্মজীবী অনেক প্রবাসী কাজকর্ম বন্ধ রেখে সংহতি সমাবেশে যোগ দেন। সমাবেশে বলা হয়, নতুন চেতনায় উদ্ভাসিত জনগণের এ জাগরণ আর কেউ থামাতে পারবে না। জামায়াত সমর্থককে ধাওয়া: নিউইয়র্ক সংহতি সমাবেশের কাছেই জামায়াতে ইসলামীর সমর্থকদের পূর্বনির্ধারিত সভা ছিল। সভার লিফলেট বিলির সময় জামায়াতের কর্মীদের ধাওয়া দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় জামায়াতের লোকজনও উত্তেজিত হয়ে উঠলে সংহতি সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।