নিউইয়র্কে সেই বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক হাসপাতালে ইসতিয়াক কাদির (৫১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি গত দুই বছর ধরে হাসপাতালে কোমায় ছিলেন৷ ২০১২ সালে জ্যামাইকায় একটি মারামারি থামাতে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান৷
নিউইয়র্কের পুলিশ ও কাদিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ইসতিয়াক কাদির যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে কাজ করতেন৷ ২০১২ সালের ১৩ মে জ্যামাইকার একটি পানশালায় তিনি বন্ধুদের সঙ্গে পুল খেলতে যান৷ ওই সময় কোয়ামেন আবিরনাথি ও ডেভিড লুমি নামে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হয়৷ এ সময় বন্ধুরা সেখান থেকে চলে গেলেও শান্তিপ্রিয় কাদির ওই মারামারি থামাতে এগিয়ে যান৷ কিন্তু আরিনাথি ও লুমি এক পর্যায়ে তাঁকেই মারধর শুরু করেন৷ এতে গুরুতর আহত হন কাদির৷ পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়৷
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণে ইসতিয়াক কাদির গত দুই বছর কোমা অবস্থায় নিউইয়র্কের লং আইল্যান্ড কেয়ার সেন্টারে ছিলেন৷ গত ১৪ মে তাঁর মৃত্যু হয়৷
আরিবনাথি ও লুমির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে জানিয়েছে নিউইয়র্কের পুলিশ৷
ইসতিয়াক কাদিরের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের অভিবাসী হন৷ তাঁর স্ত্রী ও পরিবার ঢাকায় থাকেন৷ নিউইয়র্ক ডেইলি নিউজ৷