নিউইয়র্কে হুমায়ূন আহমেদের পাশে শেখ হাসিনা
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক সফররত শেখ হাসিনা হুমায়ূন আহমেদের কুশল জানতে গত রোববার জ্যামাইকা এলাকায় তাঁর বাসায় যান । এ সময় হুমায়ূন আহমেদ নিজেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শেখ হাসিনা তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী হুমায়ূন আহমেদের চিকিৎসার জন্য ১০ হাজার মার্কিন ডলারের চেক প্রদান করে বলেন, ‘আপনার চিকিৎসার জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদান করা হবে।’ শিগগিরই সুস্থ হয়ে হুমায়ূন আহমেদ দেশে ফিরবেন—এমন শুভ কামনা করেন শেখ হাসিনা। জবাবে হুমায়ূন আহমেদ বলেন, ‘দেশের মানুষের পক্ষ থেকে যে ভালোবাসা নিয়ে দেখতে এসেছেন, তা-ই আমার কাছে পরম পাওয়া।’ শেখ হাসিনা নিউইয়র্কে তাঁর ব্যস্ত সময়ের মধ্যেও বেশ কিছুক্ষণ হুমায়ূন আহমেদের বাসায় অবস্থান করেন। এ সময় তিনি তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই সন্তানের সঙ্গেও কথা বলেন। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান। শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।কোলন ক্যানসারে আক্রান্ত হুমায়ূন আহমেদের প্রথম দফা কেমোথেরাপি শেষ হয়েছে। নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর আরোগ্যের ব্যাপারে আশাবাদী।