নিউইয়র্কে 'এলডিসি ফোর মনিটর'-এর প্রতিবেদন প্রকাশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে একটা রাষ্ট্রের উত্তরণকে কোনো পরিণামগত বিষয় হিসেবে না দেখে বরং অর্জন হিসেবেই দেখা উচিত। তা ছাড়া স্বল্পোন্নত দেশগুলো যাতে মসৃণ গতিতে উন্নতির পথে এগোতে পারে, সে লক্ষ্যে ‘ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন (আইপিওএ)’-এর সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়ে উন্নত বিশ্বের উচিত সম্ভব সব ধরনের সহায়তা দেওয়া।
১৫ অক্টোবর নিউইয়র্কে ‘এলডিসি ফোর মনিটর প্রতিবেদন’ প্রকাশকালে এই মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই মেভলুত কাভুসগলু। ‘ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন ফর দ্য এলডিসিস (২০১১-২০): মনিটরিং ডেলিভারেবলস, ট্র্যাকিং প্রোগ্রেস’ শীর্ষক এ প্রতিবেদন তৈরি করেছে ‘এলডিসি ফোর মনিটর’। এটি স্বল্পোন্নত দেশগুলোর ইস্যুতে কাজ করছে এমন আটটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটি উদ্যোগ।
স্বল্পোন্নত দেশগুলোর ওপর ২০১১ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতিসংঘ সম্মেলনে গৃহীত হয়েছিল ‘ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন’। এই অ্যাকশনের বাস্তবায়ন পরিস্থিতিই তুলে ধরা হয়েছে নিউইয়র্কে প্রকাশিত প্রতিবেদনটিতে।
এলডিসি ফোর মনিটরের চেয়ারপারসন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এক অনুষ্ঠানে ওই প্রকাশনা উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ কর্মকর্তা, আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও এলডিসি ফোরের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।