নিউইয়র্কে 'কবিতাসন্ধ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতাসন্ধ্যার মধ্যমণি কবি শহীদ কাদরী l ছবি: প্রথম আলো
কবিতাসন্ধ্যার মধ্যমণি কবি শহীদ কাদরী l ছবি: প্রথম আলো

চার বছর ধরে প্রায় নিয়মিত ‘একটি কবিতাসন্ধ্যা’র আয়োজন করছেন কবি শহীদ কাদরী ও তাঁর স্ত্রী নীরা কাদরী। নিউইয়র্ক ও তার আশপাশে বসবাসরত বাংলা ভাষাভাষী কাব্যপ্রেমীদের কাছে এই ত্রৈমাসিক কাব্য আসর এখন এক গভীর আনন্দময় ও শিক্ষণীয় অভিজ্ঞতা।
বাংলা ভাষার একজন প্রধান কবি শহীদ কাদরী। ২০০২ সাল থেকে তিনি দুরারোগ্য কিডনি ব্যাধিতে আক্রান্ত। এ কারণে শরীর তাঁর মন্থর হয়েছে, কিন্তু মন নয়। কবিতা এখনো তাঁর সবচেয়ে প্রিয় একটি বিষয়। প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে শহীদ কাদরী বলেন, চার বছর আগে যখন এই আসর শুরু হয়, তাঁর মূল লক্ষ্য ছিল নতুন বাঙালি পাঠকের কাছে আধুনিক বাংলা কবিতার প্রধান কবিদের পাশাপাশি এখন যাঁরা ভালো কবিতা লিখছেন, তাঁদের পরিচয় করিয়ে দেওয়া। অন্য একটি অলক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের কবিতার প্রতি আগ্রহ ও অভিনিবেশ বৃদ্ধি। ‘এই দুই লক্ষ্যই বোধ হয় কমবেশি আমরা অর্জন করেছি,’ শহীদ কাদরী বলেন।
নীরা কাদরী জানান, সাহিত্য আসরের ‘আইডিয়াটি’ নিউইয়র্কের কাব্যপ্রেমীদের কাছ থেকে আসে। শহরের কবি ও আবৃত্তিকারেরা মিলে শহীদ কাদরীকে অনুরোধ করেন, তাঁকে ঘিরে যদি একটি কাব্যসন্ধ্যার আয়োজন হয়, তাহলে নতুন-পুরোনো কবিরা নিজেদের কবিতা পড়ার ও তার মূল্যায়নের সুযোগ পাবেন। আবৃত্তিকারেরাও পাবেন বাচিকশিল্প চর্চার একটি ভালো প্ল্যাটফর্ম। সবচেয়ে বড় কথা, যাঁরা বাংলা কবিতা ভালোবাসেন, তাঁরা পাবেন একজন বোদ্ধা কবির সান্নিধ্যে কবিতা উপভোগের দুর্লভ এক সুযোগ।
পরিকল্পনামতো বছরে চারটি কবিতাসন্ধ্যার আয়োজন করা হয়। গত চার বছরে একবার মাত্র এই নিয়মের ব্যতিক্রম হয়েছে—দুই বছর আগে মোটর দুর্ঘটনায় আহত হয়ে যেবার শহীদ কাদরীকে টানা কয়েক মাস হাসপাতাল ও নিরাময়ালয়ে কাটাতে হয়। সেবারই চারটির বদলে তিনটি সন্ধ্যার আয়োজন হয়। কবিতাসন্ধ্যা বসে শহীদ ও নীরা কাদরীর অ্যাপার্টমেন্ট ভবনের কমিউনিটি হলে। গত শনিবার হয়ে গেল আরেকটি কবিতাসন্ধ্যা। তিন-চার ঘণ্টা, কখনো কখনো তার চেয়েও বেশি, চলে একটানা কাব্যালোচনা, কবিতা আবৃতি ও স্বরচিত কবিতাপাঠ। আলাপচারিতার মধ্যমণি অবশ্যই শহীদ কাদরী নিজে। এই দীর্ঘ সময় একটানা বসে থাকেন কবি, পূর্ণ অভিনিবেশ নিয়ে প্রতিটি কবিতাপাঠ ও আবৃত্তি শোনেন, পঠিত কবিতা বিষয়ে নিজ অনুভূতি প্রকাশ করেন।
অসুস্থ কবির জন্য এত দীর্ঘ সময় এই কাজে ব্যয় কি কষ্টকর নয়? এমন প্রশ্নের জবাবে নীরা কাদরী বলেন, এই কাব্যসন্ধ্যা কবির জন্য মোটেই কষ্টের নয়, বরং গভীর আনন্দের। কবিতা তাঁর আজন্মের আরাধ্য। নিজে যা ভালোবাসেন, পরবর্তী প্রজন্মের কাব্যপ্রেমীদের মধ্যে তার ছিটেফোঁটাও যদি ছড়ানো যায়, সে তো কবির জন্য গভীর আত্মতৃপ্তির ব্যাপার।
এই তৃপ্তি কেবল একা কবি শহীদ কাদরীর নয়, যাঁরা এই আসরের নিয়মিত দর্শক-শ্রোতা, তাঁদেরও। এঁদেরই একজন লেখক-সাংবাদিক কৌশিক আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, দেশের বাইরে বসেও বাংলা কবিতাচর্চার এমন সুযোগ, সে একটি দুর্লভ ঘটনা। বাংলা ভাষার একজন প্রধান কবির ছায়ায় কাব্যপাঠ ও আলোচনার এই সুযোগ একদিকে যেমন কবিতার পাঠক সৃষ্টি করতে সাহায্য করছে, তেমনি প্রবাসী কবিদের কাব্যচর্চায় নিরন্তর উৎসাহ জোগাচ্ছে। সবচেয়ে লাভবান হবেন তাঁরাই, যাঁরা সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন।