নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয় দিনের সফরে গতকাল শনিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাসস।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ভূমিমন্ত্রী রেজাউল করিম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, পদস্থ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার যাত্রাবিরতি করবেন। তিনি আজ স্থানীয় সময় সকাল আটটা ১৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নিউইয়র্কে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন আয়োজিত বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন। তিনি ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজমবিষয়ক এক বৈঠকেও যোগদান করবেন। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২ অক্টোবর সকালে ঢাকায় এসে পৌঁছাবেন।