নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৬তম অধিবেশনে যোগ দিতে গতকাল শনিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল রাত নয়টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী প্রধানেরা, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আয়োজিত সন্ত্রাসবাদ দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্যনিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দেবেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও তাঁর সঙ্গে রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২১ সেপ্টেম্বর অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এতে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব আয়োজিত সন্ত্রাস মোকাবিলা-সংক্রান্ত এক সিম্পোজিয়ামে মূল বক্তব্য পেশ করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ সিম্পোজিয়ামে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মেলনে অংশ নেবেন। পরে তিনি তাঁর সম্মানে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। ২৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বাসস ও ইউএনবি।