নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: এএফপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: এএফপি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলায় বক্তৃতা করবেন। অধিবেশনের অন্যতম প্রধান আয়োজন ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্য বা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) চূড়ান্তভাবে গ্রহণবিষয়ক শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন।

আজ বুধবার সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রওনা হন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টার যাত্রাবিরতি করে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন। স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা। ইউএনবির খবর।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় সেখানে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানেরা, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী এবারের নিউইয়র্ক সফরে ২২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর মূল সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।