নিউজ টুডের সার্কুলেশন বিভাগের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মান্ডা এলাকায় শহীদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ইংরেজ দৈনিক নিউজ টুডের সার্কুলেশন বিভাগের কর্মী ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ খুনের ঘটনা ঘটে।
শহীদুলের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, রাতে পত্রিকাটির আরামবাগের ছাপাখানার সামনে থেকে গাড়িতে পত্রিকা তোলার তত্ত্বাবধানের জন্য সেখানে যান শহীদুল। কাজ শেষে রাত পৌনে তিনটার দিকে তিনি মান্ডার ছাতা মসজিদ এলাকার বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভোর চারটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁর বাসায় খবর দেন।এ সময় স্বজনেরা দ্রুত শহীদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শহীদুল স্ত্রী ও দুই সন্তান নিয়ে ৫৫৩ মান্ডায় থাকতেন। পরিবারের ভাষ্য, শহীদুলের সঙ্গে কারও শত্রুতা ছিল না।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, পরিকল্পিতভাবে শহীদুলকে খুন করা হয়েছে। তাঁর পকেটে মুঠোফোন ও মানিব্যাগ ছিল। কর্মস্থলে কারও সঙ্গে এবং পারিবারিক কোনো ঝামেলা ছিল কি না, পুলিশ তা তদন্ত করছে।