বাজেটে নিউজপ্রিন্ট আমদানির ওপর শুল্কহার বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের জন্য আবারও দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বাজেট-পরবর্তী বৈঠকে এ দাবি জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নোয়াব সভাপতি ও ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম।
অর্থমন্ত্রী বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্কহার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন, যার করভার পড়ে ৬১ শতাংশের মতো। বিষয়টিকে নোয়াব ‘ব্যতিক্রমী প্রস্তাব’ বলে আখ্যা দিয়ে বলেছে, এই শুল্ক আরোপ সংবাদপত্রশিল্পে গভীর সংকট সৃষ্টি করবে।
অর্থমন্ত্রীর কাছে লিখিত আবেদনে নিউজপ্রিন্ট আমদানিতে প্রতিবেশী দেশগুলোর শুল্কহারের উদাহরণও তুলে ধরে নোয়াব।
নোয়াব জানায়, ভারত ও শ্রীলঙ্কায় এই হার শূন্য, পাকিস্তানে ৫ শতাংশ। ভারতে বড় বড় নিউজপ্রিন্ট কারখানা থাকলেও সংবাদপত্রের জন্য আমদানি করা কাগজ ব্যবহার করা হয়। কারণ, সংবাদপত্রের জন্য কাগজের মানটা খুবই গুরুত্বপূর্ণ।
নোয়াব আরও বলেছে, তারাও দেশীয় শিল্পের বিকাশ চায়। তবে সংবাদপত্রশিল্পের জন্য ব্যবহূত নিউজপ্রিন্ট হতে হবে উন্নত মানের। বৈঠক শেষে নোয়াব সদস্যরা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। খানিক পরে অর্থমন্ত্রীও কথা বলেন এ বিষয়ে। বৈঠকে কী হলো, জানতে চাইলে প্রথমে অর্থমন্ত্রী বলেন, ‘না, না, না। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।’
সাংবাদিকেরা আবারও জানতে চাইলে অর্থমন্ত্রী সরাসরি কিছু বলেননি। শুধু বলেন, ‘দেখছি, কী করা যায়।’ কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আশ্বাস দেওয়া হয়নি।’ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক তথ্য দিয়েছি অর্থমন্ত্রীকে। বিস্তারিত বলা হয়েছে। আশা করছি, ইতিবাচক সিদ্ধান্ত পাব।’
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, নিউজপ্রিন্টের ওপর বাজেটে প্রস্তাবিত শুল্কহার বলবৎ থাকলে সংবাদপত্রশিল্প সংকটে পড়বে।
নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, অর্থমন্ত্রীর কাছে যা তুলে ধরা হয়েছে, মনে হয়েছে তিনি তা বুঝতে পেরেছেন।
নোয়াব সদস্যদের মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সংবাদ সম্পাদক আলতামাশ কবির ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।