নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সম্পাদক পরিষদের উদ্বেগ
জাতীয় সংসদের ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিষদ মনে করে, এর ফলে এমনিতেই নানা সংকটের সম্মুখীন বাংলাদেশের সংবাদপত্রশিল্প আরও বড় ধরনের সংকটে পড়বে।
গতকাল রোববার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের সই করা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘তথ্য জানার জন্য দেশের বেশির ভাগ মানুষ এখনো যেখানে প্রিন্ট মিডিয়ার ওপর নির্ভরশীল, সেখানে বাজেটের উল্লিখিত প্রস্তাবটি অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কাম্য হতে পারে না।’
বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলে সংবাদপত্রের অপরিহার্য কাঁচামাল নিউজপ্রিন্টের ওপর অস্বাভাবিক আমদানি শুল্ক আরোপের প্রস্তাব গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহূত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৩ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ভ্যাট, কর ও বিমা যুক্ত হয়ে বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্ট আমদানিতে ২৩ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্কের প্রস্তাব কার্যকর হলে ওই শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫৭ থেকে ৫৮ শতাংশ, যাতে সার্বিকভাবে প্রকাশনা ব্যয় ২৮ শতাংশ বাড়বে। ইতিমধ্যে বিদেশ থেকে আমদানিকৃত নিউজপ্রিন্টের আমদানি মূল্যও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সাম্প্রতিক কালে মুদ্রণ ও পরিবহনসহ সব খাতেই সংবাদপত্রের ব্যয় অনেক বেড়ে গেছে। সংবাদপত্রসেবীদের জন্য গঠিত ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়বে। এ অবস্থায় সংবাদপত্রশিল্পের পক্ষে নিউজপ্রিন্টের বর্ধিত আমদানি ব্যয় নির্বাহ করা কঠিন হবে।
বিবৃতিতে বলা হয়, বাজেট প্রস্তাবে দেশীয় নিউজপ্রিন্ট রক্ষার যে যুক্তি দেখানো হয়েছে, তার সঙ্গেও বাস্তবের মিল নেই। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশে ৬৭টি কাগজশিল্প চালু থাকলেও সংবাদপত্রে ব্যবহূত রোল আকারে নিউজপ্রিন্ট উৎপাদন করে মাত্র দু-তিনটি প্রতিষ্ঠান। তদুপরি এসব শিল্পপ্রতিষ্ঠান যে নিম্নমানের নিউজপ্রিন্ট উৎপাদন করে, তাতে ছাপা পত্রিকার মান মোটেই ভালো নয়। এমনকি তাদের পক্ষে ব্যবহারযোগ্য প্রয়োজনীয় পরিমাণ নিউজপ্রিন্ট সরবরাহ করাও সম্ভব নয়। যেখানে দেশীয় কাগজশিল্প সংবাদপত্রের জন্য প্রয়োজনীয় ও মানসম্মত নিউজপ্রিন্ট সরবরাহ করতে সক্ষম নয়, সেখানে সেই শিল্প বাঁচানোর নামে আমদানির ওপর অতিরিক্ত শুল্কারোপ যুক্তিযুক্ত নয়।
এ অবস্থায় ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি সম্পাদক পরিষদ আহ্বান জানিয়েছে। সাংসদেরাও এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে সম্পাদক পরিষদ আশাবাদ ব্যক্ত করে।