তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক
নিউজপ্রিন্টের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের দাবি
সাংবাদিক নেতারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করে ২০১৩-১৪ অর্থবছরের ঘোষিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তথ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে সাংবাদিক নেতাদের একটি প্রতিনিধিদল তথ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেখা করে। জানতে চাইলে ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, নিউজপ্রিন্টের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার ছাড়াও বিজ্ঞাপনের মূল্য ও সংখ্যা বৃদ্ধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জন্য পৃথক মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, যুগ্ম সচিব মোহা. আবুল হোসেন প্রমুখ।