নিউজপ্রিন্টের শুল্ক মওকুফের দাবি নোয়াবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রশিল্পে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছে এই শিল্পের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ শিল্পের কাঁচামাল নিউজপ্রিন্টের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) থেকেও অব্যাহতি চেয়েছেন নোয়াবের নেতারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় গতকাল রোববার নোয়াব নেতারা এ দাবি জানিয়েছেন। এ ছাড়া সংবাদপত্রশিল্পের জরুরি অন্যান্য উপাদান যেমন: কালি, প্লেট ও প্রিন্টিং কেমিক্যালের ওপরও শুল্ক-কর প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
নোয়াবের সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াবের প্রস্তাবে বলা হয়েছে, আমদানি করা নিউজপ্রিন্টের ওপর উচ্চ হারে বিভিন্ন শুল্ক ও করের কারণে সংবাদপত্রশিল্প বড় সমস্যার মধ্য দিয়ে চলছে। ইতিমধ্যে বিশ্বে নিউজপ্রিন্টের দামও বেড়েছে এবং দিন দিন বেড়েই চলেছে। নিউজপ্রিন্টের আমদানি ব্যয় বেড়ে গেছে এবং সেই সঙ্গে ডলারের বিনিময় হারও স্থিতিশীল নয়।
নোয়াব আরও বলেছে, দৈনিক পত্রিকার নিউজপ্রিন্টে বর্তমানে আমদানি শুল্ক ৫ শতাংশ, মূসক ১৫ শতাংশ অর্থাৎ সব মিলিয়ে মোট ২০ দশমিক ৭৫ শতাংশ প্রকৃত শুল্ক-কর পরিশোধ করতে হচ্ছে। বর্তমানে টনপ্রতি নিউজপ্রিন্ট গড়ে ৫৫০ ডলারে আমদানি করতে হচ্ছে। এর সঙ্গে শুল্ক পরিশোধ, পরিবহন ব্যয়, শ্রমিক, ব্যাংক সুদসহ আনুষঙ্গিক অন্য খরচ মিলিয়ে টনপ্রতি মূল্য দাঁড়ায় প্রায় ৫৫ হাজার টাকা। একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতি, পত্রিকা ছাপা খরচও বাড়ছে ক্রমাগত। নিউজপ্রিন্ট ছাড়া অন্য উপাদানের ওপর শুল্ক-কর দিতে হচ্ছে। যেমন: আমদানি শুল্ক, মূসক, অগ্রিম ব্যবসায় মূসকসহ কালির ওপর মোট ৬২ শতাংশ; প্লেটে সাড়ে ৭ শতাংশ; প্রিন্টিং কেমিক্যালে ৩৫ শতাংশ শুল্ক-কর দিতে হচ্ছে। এভাবে এসব খাতে অর্থ ব্যয় করে পত্রিকা প্রকাশ করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে।
নোয়াব বলেছে, বর্তমানে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন বিল দেওয়ার সময় ৪ শতাংশ হারে অগ্রিম কর কেটে রাখেন। পরবর্তী সময়ে অগ্রিম করের চালান সংগ্রহ করা খুবই কষ্টদায়ক। কোনো কোনো ক্ষেত্রে অগ্রিম কর কর্তনকারী প্রতিষ্ঠান ওই অর্থ যথাসময়ে জমা না দেওয়ায় এবং চালান যথাসময়ে সরবরাহ না করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো। শিল্প-ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিজ্ঞাপনী সংস্থাকেই উৎসে কর সরাসরি জমার বিধানের সুপারিশ করেছে নোয়াব।
পৃথক আরেকটি প্রস্তাবে নোয়াবের পক্ষ থেকে সংবাদপত্রশিল্পে দেশি কাগজ ব্যবহারের অসুবিধাসমূহ তুলে ধরা হয়।
নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, সংবাদপত্রশিল্প খুব ভালো অবস্থায় নেই। নানা ধরনের সংকটে আছে। বিজ্ঞাপন থেকে এ শিল্পের তিন-চতুর্থাংশ আয় হয় আর পত্রিকা বিক্রি থেকে আসে মাত্র এক-চতুর্থাংশ। সংবাদপত্রে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টে ভারতে কোনো শুল্ক নেই; শ্রীলঙ্কায় মাত্র আড়াই শতাংশ।
মতিউর রহমান আরও বলেন, শোনা যাচ্ছে, দেশীয় নিউজপ্রিন্ট মিলকে সহযোগিতা করার জন্য আমদানি করা নিউজপ্রিন্টের ওপর কর বৃদ্ধির চিন্তাভাবনা চলছে। এ রকম চেষ্টা ২০১৩ সালেও করা হয়েছিল। তখন অর্থমন্ত্রী নোয়াবের মতামত মেনে নিয়েছিলেন এবং শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন। পরে ওয়েজবোর্ডের ৭৫ থেকে ৮০ শতাংশ বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর আরও ৫ শতাংশ শুল্ক কমিয়ে আনা হয়।
সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ায় ধন্যবাদ জানিয়ে নোয়াবের সহসভাপতি ও সমকাল প্রকাশক এ কে আজাদ বলেন, ‘সরকার যেহেতু সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছে, তাই নিউজপ্রিন্ট কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। এ জন্য নিউজপ্রিন্টে শূন্য শুল্ক সুবিধা পেতে পারি। এতে সংবাদপত্র শিল্পের বিকাশ হবে।’ তিনি আরও বলেন, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার সময় দেখতে হবে ওই শিল্পটি কতটা এগিয়েছে। বর্তমানে দেশীয় নিউজপ্রিন্টের গুণগত মান সংবাদপত্রে ব্যবহারের পর্যায়ে আসেনি।
দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন বলেন, সংবাদপত্রশিল্পের চাহিদা মেটানোর মতো উৎপাদনসক্ষমতা নেই দেশীয় নিউজপ্রিন্ট উৎপাদকদের। কাগজের মানও ভালো নয়।
ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, সংবাদপত্র শিল্পের প্রায় সব কাঁচামাল আমদানি করতে হয়। এ শিল্পের প্রতি সরকারের আরও সহানুভূতিশীল হওয়া উচিত।
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, সংবাদপত্রের আয়ের বিশাল অংশই আসে বেসরকারি বিজ্ঞাপন থেকে। কিন্তু বেসরকারি খাতের ব্যবসায় শ্লথগতি থাকায় এর প্রভাব পড়ছে সংবাদপত্র শিল্পের ওপর।
নোয়াবের প্রস্তাবগুলো গভীরভাবে বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দ্য ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান। উপস্থিত ছিলেন নোয়াবের উপদেষ্টা আখতার হোসেনসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।