বিপজ্জনকভাবে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে নিউজিল্যান্ড যাওয়ার সময় ৬৫ জনকে বহনকারী একটি নৌকা অস্ট্রেলিয়ার নৌবাহিনী ঠেলে ফেরত পাঠিয়েছে ইন্দোনেশিয়ায়, যাঁদের মধ্যে আছেন ১০ জন বাংলাদেশি। বিবিসি বাংলার ওয়েবসাইটে গতকাল শনিবার এ খবর প্রকাশ করা হয়েছে।
এই ৬৫ জনকে রাখা হয়েছে ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুর সীমান্তের কাছে কোপাং দ্বীপে জাতিসংঘ শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে।
উদ্ধারপ্রাপ্ত এক বাংলাদেশি নাজমুল হাসান জানিয়েছেন, নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হওয়ার উদ্দেশ্যে তাঁরা এই বিপজ্জনক পথ বেছে নিয়েছিলেন। তিনি জানান, নিউজিল্যান্ডের সরকার শরণার্থীদের অনেক সাহায্য সহযোগিতা দেয়—এই খবর পেয়েই তাঁরা সে দেশে পাড়ি জমাতে চেষ্টা করেছিলেন।
এর আগে নাজমুল বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়াতেও গিয়েছিলেন সাগরপথে।
চট্টগ্রামে থেকে প্রথমে থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া এবং সবশেষে তাঁরা গিয়ে পৌঁছান ইন্দোনেশিয়ায়। ওই পথ পাড়ি দিতে তাঁদের তিন মাসের মতো সময় লেগেছিল।
নাজমুল হাসান বলেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর তাঁরা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার আশ্রয়ে ছিলেন এবং ইন্দোনেশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক কিছু সমস্যার কারণে তাঁরা দেশ ছেড়ে চলে যান। তিনি এক বছর ধরে ইন্দোনেশিয়ায় ছিলেন।
নাজমুল হাসান আরও বলেন, প্রায় ২৫ মিটার লম্বা, সাত মিটার চওড়া ও ছয় মিটার উঁচু একটি নৌকায় করে তাঁরা নিউজিল্যান্ড পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। ইন্দোনেশিয়ার দালালেরা এই নৌকা চালাচ্ছিল।
জাকার্তা থেকে সমুদ্রপথে রওনা দেওয়ার ১৮ দিন পর অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাঁদেরকে উদ্ধার করে। ‘আমরা আন্তর্জাতিক পথ দিয়েই যাচ্ছিলাম। সে কারণে তাঁরা আমাদের গ্রেপ্তার করতে পারেনি।’ বলেন তিনি।
নাজমুল জানান, চার দিন পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জাহাজের একজন নাবিকের সঙ্গে কথা বলেন। পরে তাঁদেরকে অস্ট্রেলিয়ার একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। ওই দ্বীপে যেতে তাঁদের সময় লেগেছিল দুই দিন। পথে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তাঁদের সঙ্গে অন্তঃসত্ত্বা অনেক নারীও ছিলেন বলে তিনি জানান।
নাজমুল হাসান আরও জানান, এ সময় অনেকেই অসুস্থ হয়ে যান। তারপর তাঁদেরকে কিছু খাবার, পানি ও সামান্য তেল দিয়ে ছোট ছোট দুটো নৌকায় তুলে দেওয়া হয় ইন্দোনেশিয়ার উদ্দেশে।
আবার ইন্দোনেশিয়ায় আসার পর পুলিশ চারজন ক্যাপ্টেনকে আটক করেছে। দুজন পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে তাঁদেরকে কোপাংয়ের একটি শিবিরে রাখা হয়েছে।