নিউজিল্যান্ডকে হারানোর মতো আমরা দারিদ্র্যকেও হারাতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ম্যাচ সিরিজের একদিনের খেলায় শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল জিতে যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট জায়ান্ট নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারি, ঠিক সেভাবে আমরা দরিদ্রতার বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারি।’
আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি কারও মুখাপেক্ষী না হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে যুবসমাজের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, যুবক ও যুব মহিলারা আত্মকর্মসংস্থানের জন্য মত্স্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশুর খামার স্থাপন, শাকসবজির বাগান, অর্থকরী ফসল চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন উদ্যোগ নিতে পারে। সমবায়ের ভিত্তিতেও তারা এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। এতে চাকরির চেয়ে অনেক বেশি উপার্জন করা সম্ভব হবে। তিনি বলেন, যুবসমাজের নিজস্ব কর্মসংস্থানে এসব খাতে যুব উন্নয়ন অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংক সহজ শর্তে ঋণ দিচ্ছে।
চলতি বছর বিভিন্ন খাতে ১৫ জন যুবক জাতীয় যুব পদক লাভ করেছেন। তাঁরা হলেন সুনামগঞ্জের মিজানুল হক সরকার, কিশোরগঞ্জের আমিরগঞ্জে নুরুল আরেফিন লিংকন, ঢাকার গোপীবাগের নাজনিন পারভীন, নারায়ণগঞ্জের আমলাপাড়ার সাবিরা সুলতানা, বান্দরবানের ছিমি দালুপাড়ার মাসিং নু মারমা, ফরিদপুর সদর উপজেলার আলীপুরের তামান্না মোসলেম মীরা, ফেনীর সোনাগাজীর মহিউদ্দিন আহমেদ, নাটোরের বাগাতিপাড়ার সেলিম রেজা, সাতক্ষীরার দেবহাটার আবু আবদুল্লাহ আল আজাদ, বরিশালের বগুড়া রোডের নাজমা পারভীন সিমু, মৌলভীবাজারের সাতপুরের কামরান হোসেন, দিনাজপুরের রামনগরের আসমা উল হুসনা, ঝালকাঠি সদর উপজেলার ফয়সাল রহমান, ভোলা সদর উপজেলার জাকির হোসেন মহিন ও যশোরের নবদিগন্ত মহিলা সংস্থার আইরিন বেগম।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়-সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান ও মন্ত্রণালয়টির সচিব নুর মোহাম্মদ, যুব অধিদপ্তরের মহাপরিচালক অজিত কুমার মুকুতমনি এবং পদকপ্রাপ্তদের মধ্যে মহিউদ্দিন আহমেদ ও সাবিরা সুলতানা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাঁরা মাসে এক লাখেরও বেশি টাকা রোজগার করছেন, যা বিদেশে গিয়েও উপার্জন করা সম্ভব নয়।’ তাঁদের এই কর্মকাণ্ড অন্যদের জন্য অনুকরণীয়—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, তাঁরা নিজেদের পেশার উন্নয়ন অব্যাহত রেখে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও পল্লির দরিদ্র মানুষের উন্নয়নে প্রেরণা জোগাবেন।