নিউজিল্যান্ডে জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিউজিল্যান্ডে যাত্রীবাহী একটি জাহাজ রপ্তানি করেছে। গতকাল সোমবার পটিয়ার কোলগাঁও শিপইয়ার্ডে জাহাজটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়েরা লারামি, মার্কিন ইলিকট ডেজ্রার্সের প্রেসিডেন্ট পিটার বাও, নিউজিল্যান্ডের সরকারি প্রতিনিধি হ্যারি স্ট্রোনাক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
রপ্তানি হওয়া জাহাজ ‘এমভি মাটালিকি’ প্রশান্ত মহাসগরে নিউজিল্যান্ড নিয়ন্ত্রিত অঞ্চল তোকেলাউয়ের অধিবাসীদের পারাপারের জন্য ব্যবহৃত হবে। জাহাজটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি। জাহাজটি ৬০ জন যাত্রী ও ৫০ টন পণ্য পরিবহনে সক্ষম। জাহাজটির দৈর্ঘ্য ৪৩ মিটার।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম বলেন, জাহাজ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে।
শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, মাটালিকি বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এর আগে ওয়েস্টার্ন মেরিন এশিয়া, পূর্ব আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের জন্য জাহাজ নির্মাণ করেছে।