নিউজিল্যান্ডের গুঁড়ো দুধ পরীক্ষা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধে ক্ষতিকারক কোনো উপাদান আছে কি না, তা দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নজর রাখবেন। এগুলো যথাযথভাবে পরীক্ষার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হবে।
আজ সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
নিউজিল্যান্ডের একটি কোম্পানির গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় সম্প্রতি চীন এ ধরনের খাদ্য আমদানিতে স্থগিতাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মূল বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। ২০১০ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে সপ্তাহটি পালিত হচ্ছে। এবার রমজান এবং ঈদের কারণে নির্দিষ্ট সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটি পালন করা সম্ভব হয়নি। ২১ আগস্ট সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানটি পালন করা হবে। এ ছাড়া সচেতনতা তৈরির জন্য অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মায়ের দুধে শিশুর হাসি, মা তোমাকে ভালোবাসি।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বের মধ্যে বাংলাদেশে দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর উচ্চহার (৯৩ শতাংশ) বজায় রয়েছে। ৪৭ শতাংশ নবজাতককে জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো হচ্ছে। ২০০৭ সালের চেয়ে ৫০ শতাংশ বেড়ে জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ৬৪ শতাংশ হয়েছে।এ ছাড়া শিশুকে জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো এবং এর পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার খাওয়ালে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশু মৃত্যুর হার কমানো সহজ হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অনেক। মানুষের সচেতনতাও বেড়েছে। তবে প্রচার প্রচারণা বাড়াতে হবে, যেতে হবে আরও বহু দূর। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এখলাসুর রহমান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় প্রমুখ।