নিউজিল্যান্ডের মতো আমরা দারিদ্র্যকেও হারাতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেভাবে খেলে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট জায়ান্ট নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারি, ঠিক সেভাবে আমরা দারিদ্র্যের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারি।’ গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী চাকরির জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এখন সবকিছু করতে পারি। কেননা, আমাদের দামাল ছেলেরা এখন তাদের শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারে।’
শেখ হাসিনা বলেন, যুব ও যুব মহিলারা আত্মকর্মসংস্থানের জন্য মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশুর খামার স্থাপন, শাক-সবজির বাগান, অর্থকরী ফসল চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন উদ্যোগ নিতে পারে। সমবায়ের ভিত্তিতেও তাঁরা এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন। এতে চাকরির চেয়ে অনেক বেশি উপার্জন করা সম্ভব হবে। তিনি বলেন, যুবসমাজের নিজস্ব কর্মসংস্থানে এসব খাতে যুব উন্নয়ন অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংক সহজশর্তে ঋণ দিচ্ছে।
চলতি বছর বিভিন্ন খাতে ১৫ জন যুবক জাতীয় যুব পদক লাভ করেছেন। তাঁরা হলেন সুনামগঞ্জের মিজানুল হক সরকার, কিশোরগঞ্জের আমিরগঞ্জে নুরুল আরেফিন, ঢাকার গোপীবাগের নাজনিন পারভীন, নারায়ণগঞ্জের আমলাপাড়ার সাবিরা সুলতানা, বান্দরবানের ছিমি দালুপাড়ার মাসিং নু মারমা, ফরিদপুর সদর উপজেলার আলীপুরের তামান্না মোসলেম, ফেনীর সোনাগাজীর মহিউদ্দিন আহমেদ, নাটোরের বাগাতীপাড়ার সেলিম রেজা, সাতক্ষীরার দেবহাটার আবু আবদুল্লাহ আল আজাদ, বরিশালের বগুড়া রোডের নাজমা পারভীন, মৌলভীবাজারের সাতপুরের কামরান হোসেন, দিনাজপুরের রামনগরের আসমা উল হুসনা, ঝালকাঠি সদর উপজেলার ফয়সাল রহমান, ভোলা সদর উপজেলার জাকির হোসেন ও যশোরের নবদিগন্ত মহিলা সংস্থার আইরিন বেগম।
যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ মন্ত্রণালয়-সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, পদকপ্রাপ্তদের মধ্যে মহিউদ্দিন আহমেদ, সাবিরা সুলতানা প্রমুখ।
উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজই হচ্ছে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত আধুনিক, অসাম্প্র্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুবসমাজ নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবতাবোধের আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার মহান কাজে আত্মনিয়োগ করবে।