নিউমার্কেট এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় দোকানের মালামাল ফুটপাতে রাখায় এক খাবারের দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ও মামুনুর রশীদ। সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে এলিফ্যান্ট রোডের পশ্চিম প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। ইস্টার্ন মল্লিকা পর্যন্ত প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মালামাল বাইরে রাখায় গাউছিয়া রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে চাঁদনী চক শপিং কমপ্লেক্স ও নীলক্ষেতের রাফিন প্লাজার দক্ষিণ পাশে প্রায় ৩০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে নিউমার্কেটের ২ নম্বর ফটক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এই এলাকা থেকে ঢাকা কলেজ পর্যন্ত প্রায় ৫০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বদরুদ্দোজা সুপার মার্কেটের সামনে থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত আরও প্রায় ৩০টি দোকান মালামালসহ গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী ও নিউমার্কেট থানা-পুলিশ ও র্যাব-২-এর সদস্যরা সহযোগিতা করেছেন।
খান মো. নাজমুস শোয়েব বলেন, ডিএসসিসি ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চলছে।