নিউমার্কেট থানায় ছাত্রলীগের হামলা
এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে রাজধানীর নিউমার্কেট থানায় হামলা চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কর্মীরা। পুলিশ দাবি করেছে, এ ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে নীলক্ষেতে ‘মায়ের বাঁধন তেহারি ঘর’ নামের একটি খাবারের দোকানে পাশাপাশি টেবিলে খাচ্ছিলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল্লাহ ও এ এফ রহমান হলের ছাত্রলীগের কর্মী মুকিত হাসান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
মায়ের বাঁধন তেহারি ঘরের একাধিক কর্মচারী প্রথম আলোকে জানান, এএসআই সাইফুল্লাহ ও ছাত্রলীগের কর্মী মুকিত দুজনে দুই টেবিলে বসে খাচ্ছিলেন। সাইফুল্লাহর সঙ্গে থাকা ওয়াকিটকি বারবার বাজতে থাকায় মুকিত তা বন্ধ করতে বলেন। কিন্তু সাইফুল্লাহ সেটি বন্ধ করতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনে বাগবিতণ্ডায় লিপ্ত হন। পরে মুকিতকে খাওয়া শেষে বাইরে দাঁড়াতে বলেন এএসআই সাইফুল্লাহ।
ঘটনার পর থানার সামনে উপস্থিত একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, খাওয়া শেষ করে মুকিত বাইরে বের হয়ে ছাত্রলীগের দুই কর্মীকে মুঠোফোনে ডেকে আনেন। সাইফুল্লাহ বের হওয়ার পরই তাঁকে হোটেলের সামনে মারধর করেন মুকিত, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র নওশাদ ও ইংরেজি প্রথম বর্ষের ছাত্র সোহান। সেখানে উপস্থিত কয়েকজন ট্রাফিক পুলিশ ও আনসার সদস্য গিয়ে তিন ছাত্রলীগের কর্মীকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যান। খবর পেয়ে এ এফ রহমান হলের শতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী থানায় হামলা চালান।
সরেজমিনে দেখা যায়, থানার সাইনবোর্ড, থানা কম্পাউন্ডে থাকা একটি মোটরসাইকেল ভাঙা অবস্থায় পড়ে আছে। আটক তিনজন কোথায় জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, তাঁদের ছাত্ররা ছাড়িয়ে নিয়ে গেছে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী প্রথম আলোকে জানান, হামলায় আহত এসআই হানিফ ও ইফতেখার, এএসআই সাইফুল্লাহ, কনস্টেবল শামীম ও আনসার সদস্য সবুজকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় হামলা প্রসঙ্গে এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, পুলিশ সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। শিক্ষার্থীদের ‘সেন্টিমেন্টে’ আঘাত লাগায় তাঁরা হামলা করেছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হওয়ায় এমন ঘটনা ঘটেছে। আমরা মীমাংসার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তিনি বলেন, ‘ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি।’