নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে গতকাল অভিযান চালায় ডিএনসিসি l ছবি: প্রথম আলো
নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে গতকাল অভিযান চালায় ডিএনসিসি l ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল বুধবার অভিযান চালিয়ে রাজধানীর নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করেছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব ও মামুন সরদার এই অভিযান পরিচালনা করেন। নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকা পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাত দখলমুক্ত করতে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিএসসিসির ৫০ জন কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক পুলিশ অভিযানে অংশ নেন।
ডিএসসিসি জানায়, এক সপ্তাহ ধরে অভিযান চলবে।
অভিযান চলাকালে বুলডোজার দিয়ে ফুটপাত ঘেঁষে গড়া ওঠা স্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দোকানিরা তাঁদের মালামাল সরিয়ে নেন। অভিযানের পর সেখানে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করতে দেখা যায় নিম্ন আয়ের মানুষকে।
অভিযানে নিউমার্কেটের চারপাশের ফুটপাত দখলমুক্ত হওয়ার পর লোকজন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন।
অভিযানে উচ্ছেদ হওয়া ফুটপাতের ব্যবসায়ী মোহাম্মদ শান্ত প্রথম আলোকে বলেন, এক দশক ধরে তিনি ফুটপাতে ব্যবসা করছেন। এখন কোথায় যাবেন জানেন না। অভিযানের আগে জানানো হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তিন দিন আগেই মাইকিং করে তাঁদের জানানো হয়েছে।
নিউমার্কেটের ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন বৃদ্ধ শমসের আলী। তিনি বলেন, ‘হকারদের জন্য সিটি করেপারেশনের কিছু একটা করা উচিত। নইলে আমরা যাব কোথায়?’
ফুটপাত দখলমুক্ত হওয়ায় নিউমার্কেটে আসা লোকজন বেশ খুশি। নিউমার্কেটের ২ নম্বর গেটে কথা হয় সুরাইয়া আক্তারের সঙ্গে। তিনি বলেন, এই ফুটপাত দিয়ে হাঁটাচলা করা সম্ভব ছিল না। দখলমুক্ত হয়েছে ভালো। এখন আবার দখল না হলেই হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, ফুটপাতে সাধারণ মানুষ চলাচল করবে। সেখানে কোনো স্থাপনা থাকতে পারে না। এই কারণে এই অভিযান শুরু হয়েছে। আগামী কয়েক দিন এই অভিযান চলবে।
ডিএসসিসি ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে গত বছরও কয়েক দফা ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে পরে আবার ফুটপাত দখল হয়ে যায়। ২০১৫ সালের জুলাই মাসেও নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।
এবারও ফুটপাত আবার দখল হয়ে যাবে কি না? জানতে চাইলে খান মোহাম্মদ নাজমুস শোয়েব বলেন, অভিযান সফল করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।