নিউমার্কেটের ফুটপাত পুরোনো চেহারায়

নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করার পাঁচ মাসের মাথায় আবার হকারদের দখলে চলে গেছে। হকাররা বলছেন, নিউমার্কেট
থানার পুলিশ ও লাইনম্যানদের সহযোগিতায় তাঁরা আবার ফুটপাতে দোকান বসিয়েছেন।
উচ্ছেদের আগে ফুটপাতে বাঁশ, কাঠ ও ত্রিপলের ছাউনি দিয়ে মোটামুটি স্থায়ীভাবে হকাররা দোকান সাজিয়ে বসতেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত মার্চ মাসে নিউমার্কেট এলাকার ফুটপাতের এসব দোকান উচ্ছেদ করে। এর কয়েক দিনের মাথায় হকাররা টুকরি নিয়ে ফুটপাতে বসেছিলেন। এখন আগের মতোই বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে ছাউনি বানিয়ে তাঁরা ফুটপাতে জেঁকে বসেছেন।
ঢাকা কলেজের সামনে থেকে শুরু করে নিউ সুপার মার্কেটের ১ নম্বর গেট, ধানমন্ডি হকার্স মার্কেট, চাঁদনী চক, রাফিন প্লাজা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত মিরপুর রোডের দুই পাশজুড়ে পুরো ফুটপাতে হকাররা তাঁদের পসরা ছড়িয়ে দিয়েছেন।
জুতা বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘এই দ্যাশে কি কেউ নিয়ম মানে। আইজ উডাইবো, আবার কাইল বইবো। আর হেরাও তো ট্যাকা পায়।’
নিউমার্কেট এলাকার ফুটপাতে হাঁটতে গেলে থেমে থেমে হাঁটতে হয়। এই এলাকায় দুটি পদচারী-সেতু আছে। সেতুর নিচ থেকে শুরু করে ওপরটাও হকারদের দখলে।
সামনে ঈদ উপলক্ষে মিতু আহমেদ মোহাম্মদপুর থেকে কাপড় কিনতে এসেছেন। চাঁদনী চকে ঢুকতে গিয়ে বেশ কয়েকবার গতিপথ পরিবর্তন করেছেন। তিনি বলেন, ‘গায়ে গায়ে মানুষ। আর নিউমার্কেটে ফুটপাত নামে কিছু আছে বলে তো মনেই হয় না।’
ফুটপাত নিয়ে ক্রেতাদের মধ্যেও আছে ভিন্নমত। আজিমপুর থেকে লায়লা হক এসেছেন প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। তিনি বলেন, ‘হকারদেরও দরকার আছে। সস্তায় অনেক কিছু কেনা যায়। তবে এঁদের শৃঙ্খলাবদ্ধ করা উচিত।’
এ ব্যাপারে ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার জসীম উদ্দিন আহমেদ বলেন, হলিডে মার্কেটে হকারদের বসার ব্যবস্থা না করা পর্যন্ত মেয়র রাস্তা ছেড়ে বসার অনুমতি দিয়েছেন। লাইনম্যানদের সাবধান করে দিয়েছেন। তিনি জানান, এ মাসের মধ্যেই তাঁদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করবেন।
রমনা থানার ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, পুলিশের টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। এ ছাড়া নতুন করে বসার সুযোগ নেই। ফুটপাতের দায়িত্ব সিটি করপোরেশনের; তারা চাইলে পুলিশ উচ্ছেদে সহযোগিতা করবে।