নিউমার্কেটের বাইরে জমজমাট, ভেতরে ফাঁকা

দোকানেই ঘুমাচ্ছিলেন গোলাম হোসেন। নিউমার্কেটে গতকাল বিকেল পর্যন্ত তাঁর শাড়ির দোকানে ক্রেতা এসেছেন মোটে তিনজন। তাঁদের মধ্যে কিনেছেন দুজন। কিন্তু দোকানের বাইরে ফুটপাতের চিত্রটা ঠিক উল্টো। নিউমার্কেট, চাঁদনী চকে ফুটপাতের ব্যবসা জমজমাট।
দোকানের ব্যবসায়ীরা বলছেন, ফুটপাতের চেয়ে তাঁদের ব্যবসা কমছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেটের পদচারী-সেতুতে উঠে দেখা যায়, ফুটপাতের পসরা আর ক্রেতাদের ভিড় এসে ঠেকেছে মূল সড়ক পর্যন্ত। চলতে হচ্ছে ঠেলাঠেলি করে। ক্রেতাদের আকৃষ্ট করতে হকাররা নানান সুরে ডেকে চলেছেন। ডাক শুনে একবারের জন্য হলেও সবাই নেড়েচেড়ে দেখছেন হকারদের পণ্য। পোশাক থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি জিনিসের প্রায় সবই বিক্রি হচ্ছে ফুটপাতে।
নিউমার্কেটের গেট দিয়ে ঢোকার পর চিত্রটা পাল্টে যায়। ভেতরে ভিড় নেই। দোকানগুলোতে ক্রেতারা কেউ ঢুকছেন কেউ আবার পাশ কেটে চলে যাচ্ছেন। হোমটেক্স নামের একটি বিছানার দোকানি হুমায়ুন কবির বলেন, ‘ব্যবসা একেবারেই কমে গেছে। সপ্তাহে হাজার দশেক টাকাও বিক্রি হয় না। কিন্তু ফুটপাতে গিয়ে দেখেন ওদের ডেইলিই বিক্রি হয় ১০ হাজারের ওপরে।’ তিনি আরও বলেন, মাসে দোকান ভাড়া দিতে হয়, কর্মচারী আছে। অনেক টাকার মালামালও আছে, কিন্তু বিক্রি নেই। হকারদের এসব খরচ নেই। পুঁজিও সামান্য। তাঁদের কারণে মার্কেটগুলোর ব্যবসা মার খাচ্ছে। উপরন্তু যানজট, চলাচলে অসুবিধা এসব জনদুর্ভোগের বিষয় তো আছেই।

নাফিহা ইসলাম অনেকক্ষণ থেকেই ঘুরছেন। শীত চলে যাচ্ছে, তাই আগাম গরমের কাপড় কিনতে এসেছেন। নাফিহা বললেন, পছন্দ হলে ফুটপাত থেকেই কিনবেন। দোকানের ভেতরে ও ফুটপাতে কাপড়ের মানের তারতম্য আছে। তবে ফুটপাতে পাওয়া যায় কিছুটা কম দামে। আরজু বেগমেরও একই কথা। অনেক কিছুই পাচ্ছেন কম দামে। তবে অনুষ্ঠান বা উৎসবের জন্য তিনি ভালো কিছু কিনতে হলে মার্কেটের দোকান থেকেই কেনেন।
আগে নিউমার্কেটের ভেতরের ফুটপাতেও হকার ছিল। ভেতর থেকে হকার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু ইদানীং কিছু কিছু হকার পণ্য নিয়ে বসেছেন।
চাঁদনী চকেও একই অবস্থা। মার্কেটের বাইরে হাঁটা দায়। কিন্তু ভেতরে ক্রেতার সংখ্যা কম। মো. মিজান নামের এক হকার তাঁদের বিক্রি সম্পর্কে বলেন, ‘ব্যবসা ভালোই হয়। আমরাও এখন ভালো জিনিস বেচি। কাস্টমার তো আইবই।’ আরও কয়েকজন হকার বলেন, দোকানের চেয়ে তাঁদের জিনিস খারাপ না। এ ছাড়া অনেক কমে ছেড়ে দেন, তাই বিক্রি বেশি।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক প্রথম আলোকে বলেন, ১৫ দিন আগে তাঁরা মার্কেটের ভেতরের হকার তুলে দিয়েছেন। তার প্রভাব পড়ছে বাইরের ফুটপাতে। এ জন্যই ভেতরে তুলনামূলক ফাঁকা মনে হচ্ছে। তবে তিনি বলছেন, সিটি করপোরেশন কিছুদিনের মধ্যেই হয়তো বাইরের হকারও তুলে দেবে। তখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে।