নিউমার্কেটের ভেতরে বাইরে অবৈধ দোকান
রাজধানীর নিউমার্কেটের ভেতরে-বাইরে বসেছে কয়েক শ অবৈধ দোকান। এসব দোকানপাটের কারণে দিন দিন ঘিঞ্জি হয়ে উঠেছে পরিবেশ। ক্রেতারা স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারছেন না। নিউমার্কেট হারাতে বসছে তার ঐতিহ্য। অথচ খোলামেলা পরিসর, ছিমছাম পরিবেশের কারণে একসময় রাজধানীর ক্রেতাদের কাছে ছিল নিউমার্কেটে কেনাকাটার আকর্ষণীয় জায়গা।
ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, নিউমার্কেটের বাইরে ফুটপাত ও ভেতরে চলাচলের পথ দখল করে অস্থায়ী পসরা বসানোয় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এসব অবৈধ দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কিছু কর্মকর্তা-কর্মচারী, নিউমার্কেট দোকান মালিক সমিতি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা নিউমার্কেট ডিএসসিসির নিজস্ব সম্পত্তি। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ঐতিহ্যবাহী নিউমার্কেটের পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, পূর্ব দিকে মিরপুর সড়ক ও দক্ষিণে পিলখানা সড়ক এবং উত্তরের সড়কসহ নিউমার্কেটের চারপাশে ফুটপাত দখল করে আছে চার শতাধিক অবৈধ দোকান। ফুটপাত দিয়ে চলার কোনো জায়গাই নেই। সবচেয়ে বেশি অবৈধ দোকান মার্কেটের পূর্ব ও উত্তর পাশে। পথচারী ও মার্কেটে আসা ক্রেতাদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে মূল সড়কের ওপর দিয়ে। এসব দোকানের ফলে মার্কেটে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। এ কারণে অনেকেই নিউমার্কেটে আসতে আগ্রহ হারিয়ে ফেলছেন।
মার্কেটের ভেতরও বিভিন্ন স্থানে মানুষের চলাচলের পথে পণ্যের পসরা বিছিয়ে বসেছেন আরও প্রায় ২০০ দোকানি। এসব অবৈধ দোকানের ফলে মূল দোকানের ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।
আজিমপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে হেঁটে নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন। তিনি বলেন, ‘নিউমার্কেটের বাইরের ফুটপাতে দোকানের কারণে হেঁটে আসা দায়। এ ছাড়া মার্কেটের ভেতরও অবৈধ দোকানের কারণে ঠিকমতো হাঁটা যায় না। এতে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে ঐতিহ্যবাহী এই মার্কেট, তেমনি আগের মতো স্বস্তির সঙ্গে কেনাকাটাও করা যাচ্ছে না। এ জন্য নিউমার্কেটে আসতে তেমন আগ্রহ পাই না।’ ২ নম্বর ফটক এলাকায় মার্কেটের ভেতর মানুষের চলাচলের পথে শিশুদের শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন আবদুল মোমিন। তিনি বলেন, ‘এখানে দোকান বসানোর জন্য প্রতিদিন ৭০ টাকা নেতাগো দিতে হয়। এমন প্রতিটি দোকান থেকেই টাকা আদায় করা হয়।’ চাঁদা আদায়কারীর নাম বলতে রাজি হননি তিনি।
জানতে চাইলে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান আজাদ প্রথম আলোকে বলেন, ‘নিউমার্কেটের ভেতর ও বাইরে দোকান বসানোর সঙ্গে সমিতির কোনো সদস্য জড়িত নয়। কারা এই দোকান বসায় তা আমার জানা নেই। বরং এসব দোকান উচ্ছেদ করতে একাধিকবার ডিএসসিসি ও থানায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে মার্কেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’