নিউমুরিং টার্মিনাল পরিচালনায় নতুন করে সিদ্ধান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। বন্দরের টাকায় যন্ত্রপাতি কিনে নিউমুরিং টার্মিনাল পরিচালনার ব্যাপারে বিভিন্ন সংস্থা থেকে আপত্তি আসায় তিনি এ কথা জানালেন।
গতকাল বুধবার বন্দর উপদেষ্টা কমিটির অষ্টম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দরের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে আটটি সিদ্ধান্ত নেওয়া হয়।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নিউমুরিং টার্মিনাল পরিচালনায় মন্ত্রণালয় অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমাদের অনেক সংস্থা ও কর্তৃপক্ষের ভিন্নমত থাকার কারণে আমাদের সময় নিতে হচ্ছে। সে জন্য আমরা একটু পিছিয়ে গেছি। আপনাদের সিদ্ধান্তের বাইরে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা ঐকমত্য আছি।’
বন্দরের টাকায় যন্ত্রপাতি কিনে এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে সংসদীয় কমিটির সুপারিশে নিজস্ব টাকায় যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র বাতিল করা হয়। সাত বছর আগে এই টার্মিনালটি নির্মাণ করা হলেও পরিচালনা নিয়ে জটিলতায় এখনো চালু হয়নি।
সভায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সভার সিদ্ধান্ত তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী বলেন, বন্দর ব্যবহারকারীদের প্রস্তাবগুলোর মধ্যে গ্রহণযোগ্য প্রস্তাব নির্ধারণ করে সুপারিশ দেবে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া বন্দরে আমদানি করা গাড়ি রাখার ভাড়া ও শিপিং কোম্পানির কনটেইনারের ক্ষতিপূরণ ভাড়া যৌক্তিকীকরণ, কর্ণফুলী নদী বাঁচাতে একটি আলাদা কর্তৃপক্ষ গঠন করা এবং বন্দরে চুরি বন্ধের বিষয়ে কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্তের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিগগিরই নতুন করে খননকাজ শুরুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের বিষয়ে বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জুলফিকার আজিজ ভূঁইয়া সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে না পারায় হতাশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী। এ সময় নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের সার্বিক চিত্র আমাদের সামনে থাকা উচিত।’ তিনি বন্দর কর্তৃপক্ষকে এই চিত্র প্রদান করার নির্দেশ দেন।
এর আগে আলোচনায় ব্যবহারকারীরা নানা প্রস্তাব তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে বন্দরের সেবার মান উন্নয়ন, বন্দরের মুখে যানজট নিরসন, বিপজ্জনক পণ্য দ্রুত খালাসে ব্যবস্থা নেওয়া, দক্ষতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া, আমদানি পণ্য রাখার জন্য নতুন করে শেড নির্মাণ ও চট্টগ্রামের মহেশ খালে জোয়ারের পানি নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন।