নিউমোনিয়া ও ডায়রিয়ায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে এখানে নিউমোনিয়া ও ডায়রিয়ায় ২০০ থেকে ২৫০ শিশু আক্রান্ত হয়েছে। তাদের অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে সৈকত (১৭ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া সানজিদা (১০ মাস) নামের এক শিশু ডায়রিয়ায় মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া গ্রামের বাড়ি থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ২০০ থেকে ২৫০ জন রোগী অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এইচ এম মাহবুব আলম বলেন, খাবার, পানি, অপরিচ্ছন্নতা ও ঠান্ডার কারণে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।