নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৮৪ শিশু ১১ দিনে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালে গত ১১ দিনে ৮৪ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে গতকাল 

বুধবার পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৭৩ শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যায়।

ওই হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগী ভর্তির রেজিস্ট্রার তালিকা থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে গতকাল (১১ জানুয়ারি) পর্যন্ত ৪৮ শিশু ডায়রিয়ায় ও ৩৬ শিশু নিউমোনিয়ায় ভর্তি হয়। এর মধ্যে গতকাল পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৭৩ শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যায়। তবে গতকালও শিশু ওয়ার্ডে ডায়রিয়ায় ৩ শিশু ও নিউমোনিয়ায় ৮ শিশু ভর্তি ছিল।

সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের আবদুল জলিলের স্ত্রী মাজেদা বেগম তাঁর ১৭ দিন বয়সী সন্তান বায়েজিদকে নিউমোনিয়ার জন্য গত রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করেন। গতকাল তিনি বলেন, এখন বায়েজিদের অবস্থা অনেক ভালো, আজকালের মধ্যে বাড়ি যেতে পারব। একই ইউনিয়নের কোদালখাতা গ্রামের নুর আমিনের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মুন্নি আক্তার (১১) গত সোমবার ডায়রিয়ায় ভর্তি হয়। নুর আমিন বলেন, ‘মেয়েটি এখন সুস্থ, আজ (বুধবার) তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ সময় শীতজনিত কারণে বিভিন্ন বয়সের শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ হাসপাতালে ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৮৪ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় ভর্তি হয়, যাদের মধ্যে এখনো ১১ জন চিকিৎসাধীন। শীতের সময় শিশুদের দিকে পরিবারের সদস্যদের বিশেষভাবে নজর দিতে হবে ও যথাসম্ভব গরম কাপড়চোপড় পরিধানসহ খাবারের দিকে খেয়াল রাখতে হবে। এরপরও শিশুরা আক্রান্ত হলে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।