নিউমোনিয়া-ডায়রিয়ায় টেকনাফে অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে নিউমোনিয়া ও ডায়রিয়ায় গত দুই সপ্তাহে অর্ধশতাধিক গরু-মহিষ ও ছাগল মারা গেছে। আক্রান্ত হয়েছে তিন শতাধিক। তীব্র গরমে গবাদিপশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।এলাকাবাসী ও প্রাণীসম্পদ হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার শাহ পরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, লেঙ্গুর বিল, রাজারছড়া, জাহাজপুরা, শামলাপুর, শীলখালী, নিলা, হোয়াইক্যং ঝিমংখালী, রক্ষ্যইম, দৈঘ্যাকাটা, হরিখোলা, লাতুরিখোলা ও উলুবনিয়া গ্রামে গবাদিপশুর মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে হোয়াইক্যং ঝিমংখালী এলাকার আবুল হোসেনের ১৮টি ছাগল, শাহ পরীর দ্বীপের রশিদ আহমদের দুটি গরু, বাহারছড়ার খলিল মিয়ার একটি গরু ও দুটি মহিষসহ অর্ধশতাধিক গবাদিপশু এসব রোগে মারা গেছে। ঝিমংখালী এলাকার আবুল হোসেন ও বাহারছড়ার খলিল মিয়া অভিযোগ করেন, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে পর্যাপ্ত লোকবল নেই। তার ওপর সরকারি ওযুধও দেওয়া হচ্ছে না। ফলে চিকিৎসা ছাড়াই মরছে গবাদিপশু। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজির আহমদ মুঠোফোনে বলেন, প্রচণ্ড গরম এবং পুকুর ও জলাশয়ের নষ্ট পানি পান করায় গবাদিপশু এসব রোগে আক্রান্ত হচ্ছে। সরকারিভাবে ওযুধ বরাদ্দ কম থাকায় পুরো চাহিদা মেটানো সম্ভব নয়।