নিউমোনিয়া প্রতিরোধে মায়ের ভূমিকা বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক এম আর খান বলেছেন, নিউমোনিয়ার চিকিৎসার জন্য শিশুকে ডাক্তারের কাছে নেওয়ার আগে রোগটি প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। উদ্যোগটি নিতে হবে মূলত শিশুর মাকে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে নিউমোনিয়া নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এম আর খান বলেন, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল থাকতে হবে, যেন পর্যাপ্ত অক্সিজেন পায় শিশু। ঘর রাখতে হবে স্যাঁতসেঁতে মুক্ত, যেন শিশুর ঠান্ডা না লাগে। বারডেমের অতিরিক্ত মহাপরিচালক নাজমুন নাহার বলেন, সব ঠান্ডা নিউমোনিয়া নয়, সে বিষয়ে পরিবারকে সজাগ হতে হবে। তবে শিশু অসুস্থ হলে যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের পরিচালক মো. শামসুল হক বলেন, সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিউমোনিয়ায় মৃত্যু কমানো সম্ভব। এ ব্যাপারে প্রচারণা চালাতে হবে। আলোচনা শুরুর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিশুরা নিউমোনিয়ায় আক্রান্তের ঘটনা নাটিকার মাধ্যমে উপস্থাপন করে। তাদেরই একজন রাজিউর আহসান রাব্বি ছোটবেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ঘটনা তুলে ধরে। এরপর উপস্থিত বিশেষজ্ঞরা নিউমোনিয়া বিষয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত ‘দ্য ফেসেস অব নিউমোনিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ সাংসদ জিম ডবিনস, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মাইকেল ফলি, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, পরিপ্রেক্ষিত, আইসিডিডিআরবি, স্মাইলিং সান ফ্রানসিস প্রোগ্রাম, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।