নিউমোনিয়া শ্বাসকষ্টে সহস্রাধিক শিশু আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শিশুরা নিউমোনিয়া শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে এসব রোগে সহস্রাধিক শিশু আক্রান্ত হয়েছে। এক শিশু শ্বাসকষ্টে মারা গেছে।নীলফামারী সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানসংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝে ও বারান্দায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বুধবার দুপুরে অনেক শিশুকে নিয়ে তাদের অভিভাবকদের মেঝেতে ও বারান্দায় বসে চিকিৎসা নিতে দেখা গেছে।গতকাল শনিবার শিশু ওয়ার্ডে কর্মরত স্টাফ নার্স মারুফা আক্তার জানান, গত এক সপ্তাহে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে এক হাজার ১১৩টি শিশু এ হাসপাতালে সেবা নিয়েছে। এদের মধ্যে ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকিরা বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। গতকালও এ ওয়ার্ডে ১২টি শিশুর জায়গায় ৮০টি শিশু ভর্তি ছিল।স্টাফ নার্স মারুফা আক্তার আরও জানান, আক্রান্তদের মধ্যে জহুর আলী (সাত দিন) নামে এক শিশু ২৩ অক্টোবর শ্বাসকষ্টে মারা যায়। সে সদরের আরাজিকোচিয়ার মোড় এলাকার ডাবলুর ছেলে। গত বুধবার ছয় মাসের সন্তান নিয়ে বারান্দায় আশ্রয় নেওয়া রাবেয়া বেগম (৩০) বলেন, ‘জ্বর ও সর্দিকাশি নিয়ে বাচ্চাটারে রোববার হাসপাতালে ভর্তি করি। কিন্তু হাসপাতালের ভেতরের মেঝেতেও যায়গা না পেয়ে চার দিন ধরে বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছি।’হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আবহাওয়া পরিবর্তন, অপুষ্টি ও মায়েদের অসচেতনতার কারণে শিশুরা নিউমোনিয়া, সর্দিকাশি, শ্বাসকষ্টসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’